খাগড়াছড়ির ৩টি দুর্গম ভোট কেন্দ্রে হেলিকপ্টারে গেলো নির্বাচনী সরঞ্জাম

শেয়ার করুন

স্টাফ রিপোর্টার: খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়ি ও দীঘিনালায়  দুর্গম ৩টি ভোটকেন্দ্রে হেলিকপ্টারের মাধ্যমে নির্বাচনী সরঞ্জাম পাঠানো হয়েছে। ৯ ফেব্রুয়ারি সোমবার সকালে দীঘিনালা সেনানিবাসের হেলিপ্যাড থেকে বাংলাদেশ বিমানবাহিনীর একটি হেলিকপ্টারে এসব নির্বাচনী সরঞ্জাম পাঠানো হয়। একই সঙ্গে হেলিকপ্টারে করে সংশ্লিষ্ট নির্বাচনী কর্মকর্তা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদেরও ভোটকেন্দ্র ৩টিতে নিয়ে যাওয়া হয়েছে।

জেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, হেলিকপ্টারে সরঞ্জাম পাঠানো অতি দুর্গম তিনটি কেন্দ্রের ১টি দীঘিনালা উপজেলায়, ২টি লক্ষ্মীছড়ি উপজেলায়। দীঘিনালা উপজেলার কেন্দ্রটির নাম নাড়াইছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র ও লক্ষ্মীছড়ি উপজেলার কেন্দ্র ২টি হলো- লক্ষ্মীছড়ি ইউনিয়নের শুকনাছড়ি সরকারি প্রাথমিকত বিদ্যালয় ভোট কেন্দ্র এবং বর্মাছড়ি ইউনিয়নের ফুত্যাছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্র। সহকারি প্রিসাইডিং অফিসার ও লক্ষ্মীছড়ি উপজেলা নির্বাহী  অফিসার মোহাম্মদ কাউছার হামিদ উপস্থিত থেকে সকালে লক্ষ্মীছড়ির ২টি ভোট কেন্দ্রের নির্বাচনী সরঞ্জাম প্রিসাইডিং অফিসারের হাতে বুঝিয় দিলে পুলিশ ও বিজিবির নিরাপত্তা টহল লক্ষ্মীছড়ি সেনা জোনের হেলিপ্যাডে পৌছে দেন।

পাহাড়ি পথ, গভীর বনাঞ্চল ও ঝুঁকিপূর্ণ যাতায়াত ব্যবস্থার কারণে এসব ভোটকেন্দ্রে সড়ক পথে নির্বাচনী সরঞ্জাম পরিবহন করা সম্ভব নয়। তাই হেলিকপ্টারের মাধ্যমে নির্বাচনী সরঞ্জাম এবং ভোট গ্রহণের দায়িত্বে নিয়োজিত কর্মকর্তাদের কেন্দ্রে পৌঁছে দেওয়া হয়।

খাগড়াছড়ি জেলা নির্বাচন কর্মকর্তা এস এম শাহাদাত হোসেন বলেন, দুর্গম এলাকা হওয়ায় জেলার তিনটি ভোটকেন্দ্রে হেলিকপ্টারে করে নির্বাচনী সরঞ্জাম পাঠানো হয়েছে। একই সঙ্গে প্রিসাইডিং অফিসার, পোলিং অফিসার, পুলিশ, আনসারসহ ভোট গ্রহণে নিয়োজিত সব কর্মকর্তা-কর্মচারীদের কেন্দ্রে পৌঁছে দেওয়া হয়েছে।