স্টাফ রিপোর্টার: খাগড়াছড়ির লক্ষীছড়িতে উৎসবমুখর পরিবেশে পালিত হচ্ছে পাহাড়ি জনগোষ্ঠীর অন্যতম প্রধান ঐতিহ্যবাহী উৎসব বিজু, সাংগ্রাই, বৈসু, পাতা ও চৈত্র সংক্রান্তি। ফুল বিজু ও মূলবিজু সহ নানা আয়োজনে চলছে এই উৎসব।
সোমবার সকালে মারমা সম্প্রদায়ের উদ্যোগে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি লক্ষীছড়ি সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ মাঠে এসে শেষ হয়। এতে অংশগ্রহণকারীরা ঐতিহ্যবাহী পোশাক পরে নাচ-গান ও আনন্দ-উল্লাসে মেতে ওঠেন।
পরে উপজেলা পরিষদ মাঠে অনুষ্ঠিত হয় বহুল প্রতীক্ষিত পানিখেলা(জলকেলী), যা স্থানীয়দের মাঝে বিশেষ আকর্ষণ সৃষ্টি করে। শিশু-কিশোর থেকে শুরু করে সব বয়সী মানুষ এতে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, লক্ষীছড়ি জোন কমান্ডার লে: কর্নেল মো: তাজুল ইসলাম পিএসসি,জি। এছাড়াও লক্ষীছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কাউসার হামিদ, উপজেলা বিএনপি সভাপতি মোঃ ফোরকান হাওলাদারসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। আামন্ত্রীত অতিথিদের অভ্যর্থনা জানান আয়োজক কমিটির সভাপতি ও সাবেক ভাইস চেয়ারম্যান অংগ্য প্রু মারমা।
অনুষ্ঠানে বক্তারা পাহাড়ে শান্তি, সম্প্রীতি ও সহাবস্থানের ওপর গুরুত্বারোপ করে বক্তব্য রাখেন। তারা বলেন, এই ধরনের উৎসব পার্বত্য অঞ্চলের বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে ভ্রাতৃত্ববোধ ও ঐক্যকে আরও সুদৃঢ় করে।
উৎসব উপলক্ষে এলাকায় নেওয়া হয় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। দিনব্যাপী এই আয়োজনের মাধ্যমে লক্ষীছড়ি রূপ নেয় এক আনন্দঘন মিলনমেলায়। রাত পোহালেই শুরু হচ্ছে বাংলা বর্ষবরণের নানা অনুষ্ঠান।