স্ত্রীকে কোপানোর অভিযোগে স্বামী আটক

শেয়ার করুন
স্টাফ রিপোর্টার: খাগড়াছড়ি জেলার লক্ষীছড়ি উপজেলায় পারিবারিক কলহের জেরে স্ত্রীকে ধারালো দা দিয়ে কুপিয়ে গুরুতর জখমের ঘটনায় অভিযুক্ত স্বামী সেন কুমার চাকমাকে  পুলিশ আটক করেছে।
১২ জুলাই রবিবার স্থানীয় জনতার সহায়তায় তাকে আটক করে লক্ষীছড়ি থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়। পরে পুলিশ মামলা রুজু করে তাকে আদালতে প্রেরণ করে।
জানা যায়, গত ৮ জুলাই রাত আনুমানিক ১১টার দিকে লক্ষীছড়ি সদর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সুমান্তপাড়ায় পারিবারিক কলহের একপর্যায়ে সনো কুমার চাকমা (৫৫) তার স্ত্রী সহিসোনা চাকমা (৩৫)-কে ধারালো দা দিয়ে শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়িভাবে কুপিয়ে জখম করলে গুরুতর আহত হন।
স্থানীয়রা আহত সহিসোনা চাকমাকে উদ্ধার করে পরদিন সকালে লক্ষীছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করান। প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠান।
অভিযুক্ত সেন কুমার চাকমা একই এলাকার মৃত নীল রাজ চাকমার ছেলে। ঘটনার পর তিনি আত্মগোপনে ছিলেন। শনিবার স্থানীয় জনতা তাকে আটক করে লক্ষীছড়ি থানায় সোপর্দ করলে পুলিশ প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে মামলা রুজু করে আদালতে চালান দেয়।
সূত্র জানায়, ঘটনার বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং মামলার পরবর্তী কার্যক্রম চলমান রয়েছে।
লক্ষ্মীছড়ি থানার এসআই শিশির জানান, এ ঘটনায় অভিযুক্ত সেন কুমার চাকমাকে আটক করে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।