খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ পুনর্গঠন, চেয়ারম্যান ম্রাসাথোয়াই মারমা

শেয়ার করুন

খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের অন্তর্বর্তীকালীন পরিষদ পুনর্গঠন করেছে সরকার। নতুন পরিষদে চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন ম্রসাখোয়াই মারমা। তাঁর সঙ্গে সদস্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে আরও ১৪ জনকে। ফলে চেয়ারম্যানসহ ১৫ সদস্যের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত হলো।

২০ আগস্ট বৃহস্পতিবার পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের পরিষদ-১ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব মো. চন্দ্র পাল স্বাক্ষরিত প্রজ্ঞাপনে নতুন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের নাম-পরিচয় উল্লেখ করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ আইন, ১৯৮৯ এবং খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ (সংশোধন) আইন, ১৯৯৭-এর ১৬ক (৮) উপধারা এবং খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ (সংশোধন) আইন, ২০১৪-এর ২(২) উপধারায় প্রদত্ত ক্ষমতাবলে সরকার খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের অন্তর্বর্তীকালীন পরিষদ নিম্নরূপভাবে পুনর্গঠন করেছে।

১৫জন বিশিষ্ট নবগঠিত জেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হলেন ম্রাসাথোয়াই মারমা। সদস্য হিসেবে রিপল চাকমা, শান্তিপ্রিয় চাকমা, দেবরানী চাকমা, মো. নুরুল আবছার, মো. আব্দুল মালেক, মোশাররফ হোসেন, ক্ষেত্র মোহন রোয়াজা, খনি রঞ্জন ত্রিপুরা, নারায়ণ ত্রিপুরা, রুমেল মারমা, মংসাপ্রু চৌধুরী, ক্যরী মগ, তাসলিমা সিরাজ সিমা ও কুহেলী দেওয়ান।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, পুনরাদেশ না দেওয়া পর্যন্ত পুনর্গঠিত অন্তর্বর্তীকালীন পরিষদ খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ আইন, ১৯৮৯ এবং ওই আইনের সকল সংশোধনীর বিধান অনুযায়ী খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সকল দায়িত্ব পালন করবে।
এদিকে একই আদেশে ২০২৪ সালের ৭ নভেম্বর এবং ২০২৫ সালের ৮ জুলাই জারি করা পৃথক দুটি প্রজ্ঞাপনের মাধ্যমে গঠিত পরিষদ ও অস্থায়ী চেয়ারম্যান হিসেবে নিয়োগপ্রাপ্ত শেফালিকা ত্রিপুরার নিয়োগ বাতিল করা হয়েছে। সরকারের এ প্রজ্ঞাপন অবিলম্বে কার্যকর হবে বলেও আদেশে উল্লেখ করা হয়েছে।