মোঃ কাউছারুল ইসলাম, মহালছড়ি: খাগড়াছড়ির মহালছড়িতে প্রান্তিক জনগোষ্ঠীর জীবনরক্ষাকারী সেবায় প্রবেশাধিকার ও সেবার ব্যবহার নিশ্চিতকরণ বিষয়ক প্রকল্পের আওতায় উপজেলা পর্যায়ে প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
২৫ আগস্ট মঙ্গলবার মহালছড়ি উপজেলা পরিষদ মিলনায়তনে জাবারাং কল্যাণ সমিতির আয়োজনে এবং হেলেন কেলার ইন্টারন্যাশনাল বাংলাদেশের সহযোগিতায় এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহালছড়ি উপজেলা নির্বাহী অফিসার মোঃ এরফানুল হক চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মোঃ আনোয়ার হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ ধনিষ্ঠা চাকমা, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান, মহালছড়ি প্রেসক্লাবের সভাপতি দীপক সেন এবং সাধারণ সম্পাদক ছানোয়ার হোসেন।
সভায় প্রকল্পের বিভিন্ন দিক ও লক্ষ্য-উদ্দেশ্য তুলে ধরেন উপজেলা কো-অর্ডিনেটর খোকন বিকাশ ত্রিপুরা। মাঠপর্যায়ে প্রকল্পের কার্যক্রম, সুবিধাভোগী নির্বাচন, স্বাস্থ্য ও জীবনরক্ষাকারী সেবায় প্রান্তিক জনগোষ্ঠীর প্রবেশাধিকার বৃদ্ধি এবং সংশ্লিষ্ট সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সমন্বয় নিয়ে আলোচনা করা হয়।
সভায় বক্তারা বলেন, দুর্গম ও প্রান্তিক জনগোষ্ঠীর কাছে প্রয়োজনীয় স্বাস্থ্য ও জীবনরক্ষাকারী সেবা পৌঁছে দিতে সরকারি-বেসরকারি সংস্থার সমন্বিত উদ্যোগ গুরুত্বপূর্ণ। এ ধরনের প্রকল্পের মাধ্যমে জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং প্রয়োজনীয় সেবা গ্রহণের সুযোগ আরও সম্প্রসারিত হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অজিত মারমা, ফিল্ড কো-অর্ডিনেটর এবং তুষার কান্তি খীসা। সভায় স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক, সরকারি কর্মকর্তা, প্রকল্পসংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।