কবাখালী ইউনিয়নে বন্যাদুর্গত ২০০ পরিবারের মাঝে নগদ সহায়তা ও হাইজিন কিট বিতরণ

শেয়ার করুন

খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার বন্যাকবলিত কবাখালী ইউনিয়নের ২০০টি ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে আনকন্ডিশনাল মাল্টিপারপাস ক্যাশ গ্র্যান্ট (MPCG) এবং হাইজিন কিট বিতরণ করা হয়েছে।

২৫ জুলাই শনিবার স্টার্ট ফান্ড বাংলাদেশের অর্থায়নে এবং কারিতাস বাংলাদেশের সহযোগিতায় জাবারাং কল্যাণ সমিতি “Alert B075: Humanitarian Assistance to Flood and Landslide Affected People in Chattogram Division” প্রকল্পের আওতায় এ মানবিক সহায়তা কর্মসূচির আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দীঘিনালা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. শফিউল আলম। সভাপতিত্ব করেন কবাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নলেজ চাকমা।

প্রধান অতিথির বক্তব্যে মো. শফিউল আলম বলেন, খাগড়াছড়ির অন্যতম দুর্যোগপ্রবণ উপজেলা দীঘিনালা। প্রতিবছরই মৌসুমি বন্যায় এ অঞ্চলের মানুষ ব্যাপক ক্ষতির মুখে পড়েন। এমন পরিস্থিতিতে সরকার ও বেসরকারি সংস্থাগুলো সমন্বিতভাবে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াচ্ছে। তিনি বলেন, জরুরি প্রয়োজন পূরণে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর হাতে নগদ সহায়তা ও হাইজিন কিট তুলে দেওয়া হয়েছে। এ সহায়তা যথাযথভাবে কাজে লাগানোর পাশাপাশি আগামী মৌসুমি বন্যা মোকাবিলায় আগাম প্রস্তুতি গ্রহণেরও আহ্বান জানান তিনি।

সাম্প্রতিক টানা ভারী বৃষ্টিপাত ও বন্যায় ক্ষতিগ্রস্ত খাগড়াছড়ির বিভিন্ন বন্যাপ্রবণ ইউনিয়নের মানুষের দুর্ভোগ লাঘবে স্টার্ট ফান্ড বাংলাদেশের অর্থায়ন এবং কারিতাস বাংলাদেশের সহযোগিতায় জাবারাং কল্যাণ সমিতি ধারাবাহিকভাবে মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনা করছে। প্রকল্পের আওতায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জরুরি চাহিদা পূরণে নগদ অর্থ ও স্বাস্থ্যবিধি সামগ্রী বিতরণ করা হচ্ছে।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন দীঘিনালা প্রেসক্লাবের সহ-সভাপতি সোহেল রানা, কারিতাস বাংলাদেশের খাগড়াছড়ি প্রতিনিধি শুভ্রা তেরেসা সরদার এবং জাবারাং কল্যাণ সমিতির নির্বাহী পরিচালক মথুরা বিকাশ ত্রিপুরা। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রকল্পের টিম লিডার বিদ্যুৎ জ্যোতি চাকমা।