ছাই থেকে নতুন আলো: পুনর্নির্মিত হলো কলাবাড়ি হাইস্কুলে ফিরছে প্রাণ চাঞ্চলতা

শেয়ার করুন

রতন বৈষ্ণব ত্রিপুরা, রামগড়: সাম্প্রতিক সময়ে এক ​ভয়াবহ অগ্নিকাণ্ডে সব হারিয়ে যে বিদ্যালয়টি একসময় পরিণত হয়েছিল কেবল পোড়া ছাইয়ের স্তূপে, আজ সেটিই নতুন রূপ নিয়ে প্রস্তুত কোমলমতি শিক্ষার্থীদের বরণ করে নিতে। খাগড়াছড়ির রামগড় উপজেলার ২নং পাতাছড়া ইউনিয়নের কলাবাড়ি উচ্চ বিদ্যালয় এখন নতুন ঠিকানায়, নতুন সাজে। জেলা প্রশাসনের বিশেষ অর্থায়ন এবং উপজেলা প্রশাসনের ঐকান্তিক প্রচেষ্টায় আলোর মুখ দেখেছে বিদ্যালয়টির পুনর্নির্মাণ কাজ।

​প্রায় তিন মাস আগে বৈদ্যুতিক শর্টসার্কিটের আগুনে পুড়ে ছাই হয়ে গিয়েছিল বিদ্যালয়টির মূল অবকাঠামো। আকস্মিক এই দুর্ঘটনায় বন্ধ হয়ে যায় পাঠদান, চরম অনিশ্চয়তা ও উদ্বেগের মধ্যে পড়েন শিক্ষার্থী, শিক্ষক ও স্থানীয় অভিভাবকরা।

​বিষয়টি খাগড়াছড়ি জেলা প্রশাসনের নজরে আসা মাত্রই বিশেষ বরাদ্দ অনুমোদন করা হয়।
​যা রামগড় উপজেলা প্রশাসনের নিবিড় তত্ত্বাবধানে অত্যন্ত অল্প সময়ের মধ্যে সম্পন্ন হয়েছে বিদ্যালয়ের পুনর্নির্মাণ কাজ।

​বৃহস্পতিবার (২৩ জুলাই) নবনির্মিত বিদ্যালয় ভবনটি সরেজমিনে পরিদর্শন করেন রামগড় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক কাজী শামীম। এ সময় তিনি পুরো ভবন ঘুরে দেখেন, কাজের মান যাচাই করেন এবং স্থানীয় শিক্ষক ও সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেন।

​পরিদর্শন শেষে সন্তোষ প্রকাশ করে তিনি বলেন,বিদ্যালয়টি এখন সম্পূর্ণভাবে পাঠদান উপযোগী। শিক্ষার্থীদের পড়াশোনা যাতে দীর্ঘমেয়াদে ব্যাহত না হয়, সে বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দ্রুততম সময়ে কাজটি শেষ করা হয়েছে। খুব শীঘ্রই শিক্ষার্থীরা তাদের চেনা আঙিনায় নতুন পরিবেশে স্বাভাবিক পাঠদানে ফিরতে পারবে।

​অগ্নিকাণ্ডের ক্ষত কাটিয়ে কলাবাড়ি উচ্চ বিদ্যালয়ের এই পুনরুত্থান কেবল একটি ভবন নির্মাণ নয়, এটি স্থানীয় শিক্ষার্থীদের চোখে নতুন স্বপ্ন আর আলোর এক শক্তিশালী বার্তা।