খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক, খাগড়াছড়ি: প্রকৃতিকে ঘিরেই গড়ে উঠেছে পাহাড়ের মানুষের জীবন, বিশ্বাস ও সংস্কৃতি। বনের প্রতি শ্রদ্ধাবোধ, জীববৈচিত্র্য সংরক্ষণ, লোককথা, প্রথা ও ঐতিহ্যবাহী আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রজন্মের পর প্রজন্ম ধরে বিকশিত হয়েছে প্রকৃতির সঙ্গে সহাবস্থানের এক স্বতন্ত্র জীবনদর্শন। জলবায়ু পরিবর্তন ও পরিবেশগত সংকটের এই সময়ে বন, প্রকৃতি ও জীববৈচিত্র্য রক্ষায় সেই লোকজ জ্ঞান, বিশ্বাস ও সাংস্কৃতিক ঐতিহ্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এ জন্য আধুনিক পরিবেশ সংরক্ষণ উদ্যোগের পাশাপাশি পাহাড়ের লোকসংস্কৃতিকে গুরুত্ব দেওয়ার আহ্বান উঠে এসেছে খাগড়াছড়িতে অনুষ্ঠিত এক সেমিনারে।
বুধবার বিকেল সাড়ে ৩টায় খাগড়াছড়ি ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউটের সম্মেলনকক্ষে ‘বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মোকাবিলায় আমাদের লোকসংস্কৃতির ভূমিকা’ শীর্ষক এ সেমিনার অনুষ্ঠিত হয়।
ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউটের পরিচালক ঞ্যোহ্লা মংয়ের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. ইলিয়াস মেহেদী।
এতে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় বন কর্মকর্তা মো. তারিকুল ইসলাম, জাবারাং কল্যাণ সমিতির নির্বাহী কর্মকর্তা মথুরা বিকাশ ত্রিপুরা এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউটের উপপরিচালক জিতেন চাকমা। এ ছাড়া সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি, লেখক, গবেষক ও সাংস্কৃতিক কর্মীরা অংশ নেন।