স্টাফ রিপোর্টার: মেয়ের বিয়ের জন্য কষ্ট করে লালন-পালন করা তিনটি গরু হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার অসহায় দরিদ্র সুমের আলী ও বিলকিস বেগমের পরিবার। বিদ্যুতের তার ছিঁড়ে পড়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গরু তিনটির মৃত্যুতে পরিবারটির শেষ সম্বলটুকুও হারিয়ে গেছে।
জানা গেছে, সুমের আলী ও বিলকিস বেগমের দুই মেয়ে। সংসারের অভাব-অনটনের মধ্যেও ঋণ করে ইতোমধ্যে এক মেয়ের বিয়ে দিয়েছেন তারা। অন্য মেয়ের বিয়ের জন্য দীর্ঘদিন ধরে কষ্ট করে তিনটি গরু লালন-পালন করছিলেন। গরুগুলো বিক্রি করে মেয়ের বিয়ের খরচ মেটানোর পরিকল্পনা ছিল তাদের।
কিন্তু গতকাল সকালে হঠাৎ বিদ্যুতের তার ছিঁড়ে গরুগুলোর ওপর পড়ে। এতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তিনটি গরুর মৃত্যু হয়। পরিবারের দাবি, মৃত গরু তিনটির বর্তমান বাজারমূল্য আনুমানিক ২ লাখ ৫০ হাজার থেকে ৩ লাখ টাকা।
এ ঘটনায় পরিবারটির ওপর নেমে এসেছে চরম দুর্ভোগ। মেয়ের বিয়ের জন্য জমানো শেষ সম্বল হারিয়ে কীভাবে ঘুরে দাঁড়াবেন, তা নিয়ে দিশেহারা সুমের আলী ও বিলকিস বেগম।
অসহায় পরিবারটি সরকার, স্থানীয় প্রশাসন, বিদ্যুৎ বিভাগ এবং সমাজের বিত্তবান ও হৃদয়বান মানুষের কাছে আর্থিক সহযোগিতার আবেদন জানিয়েছেন। পাশাপাশি বিদ্যুতের তার ছিঁড়ে গরুগুলোর মৃত্যুর ঘটনায় যথাযথ তদন্ত করে বিদ্যুৎ বিভাগের পক্ষ থেকে ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানিয়েছেন এলাকাবাসী।
স্থানীয়দের মতে, অসহায় পরিবারটির এই ক্ষতি পূরণে সংশ্লিষ্ট বিদ্যুৎ কর্তৃপক্ষের দ্রুত উদ্যোগ নেওয়া প্রয়োজন। একই সঙ্গে সামর্থ্যবান মানুষদেরও পরিবারটির পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন তারা।