রতন বৈষ্ণব ত্রিপুরা, রামগড়: নজরুল বর্ষ উপলক্ষে খাগড়াছড়ির রামগড় উপজেলায় আয়োজিত সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।
উপজেলা প্রশাসনের আয়োজনে ২৭ অক্টোবর বিকাল ৩টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন খাগড়াছড়ি পার্বত্য জেলার জেলা প্রশাসক মো. আনোয়ার সাদাত। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন, কর্ম ও আদর্শ নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়ে জেলা প্রশাসক আনোয়ার সাদাত বলেন- তাঁর সৃষ্টি ও সংস্কৃতি দেশের আনাচে-কানাচে ব্যাপকভাবে উদযাপন করতে হবে। অন্যথায়, নতুন প্রজন্ম জাতীয় কবিকে ভুলে যাওয়ার শঙ্কা রয়েছে। তিনি আরো বলেন, নতুন প্রজন্মের শিক্ষার্থীদের বেশি বেশি করে কবির লেখা কবিতা,ছড়া, গান, ছন্দ, নাটক, গল্প পড়ার অভ্যাস গড়ে তোলার আহবান জানান।
রামগড় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী শামীমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দ্বীন আল জান্নাত, রামগড় উপজেলা পরিবার পরিকল্পনা ও স্বাস্থ্য কর্মকর্তা ডা. এবিএম মোজাম্মেল হক, রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজির আলম, পৌর বিএনপির সভাপতি বাহার উদ্দিন, রামগড় প্রেস ক্লাবের সভাপতি ও সিনিয়র সাংবাদিক নিজাম উদ্দিন লাভলু। উপজেলা আইসিটি কর্মকর্তা রেহান উদ্দিন সঞ্চালনায় উপজেলা প্রশাসনের পক্ষ হতে জেলা প্রশাসকের হাতে সম্মাননা স্মারক তুলে দেন ইউএনও কাজী শামীম।
এ ছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের সরকারী কর্মকর্তাদের মধ্যে উপজেলা নির্বাচন কর্মকর্তা সুসমিকা চাকমা, সমাজসেবা কর্মকর্তা আজিজুর রহমান আঞ্জুম, মৎস্য কর্মকর্তা মনোয়ার হোসেন, উপজেলা প্রকৌশলী নাইমুল ইসলাম, উপজেলা প্রা: শি: কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা (এটিও) হ্যাপী চাকমা, রামগড় উপজেলা এনসিপির প্রধান সমন্বয়ক হারুনুর রসিদ, শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক- শিক্ষার্থী ও অভিভাবক এবং স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।