স্টাফ রিপোর্টার: খাগড়াছড়ির দীঘিনালায় ১৩টি মাদক মামলার আসামি মো. আরিফ হোসেনকে (৪০) ৪০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার করেছে দীঘিনালা থানা পুলিশ। এলাকায় তিনি ‘মাদক সম্রাট’ হিসেবে পরিচিত বলে জানিয়েছে পুলিশ। ২১ সেপ্টেম্বর সোমবার রাত সাড়ে ১২টার দিকে উপজেলার ৩ নম্বর কবাখালী ইউনিয়নের শান্তিপুর চার রাস্তার মোড় এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আরিফ হোসেন কবাখালী ইউনিয়নের দক্ষিণ মিলনপুর পাবলাখালী এলাকার আব্দুর রশিদ মিয়ার ছেলে।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রাত ১১টা ১৫ মিনিটের দিকে দীঘিনালা থানার এসআই মোহাম্মদ ইব্রাহিম খলিলউল্লাহ সঙ্গীয় ফোর্স নিয়ে শান্তিপুর চার রাস্তার মোড় এলাকায় অভিযান চালান। পুলিশের উপস্থিতি টের পেয়ে আরিফ পালানোর চেষ্টা করলে স্থানীয়দের সহায়তায় তাকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে একটি সাদা বাজারের ব্যাগের ভেতর পলিথিনে মোড়ানো ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে আরও জানা যায়, আরিফের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা আরও ১৩টি মামলা বর্তমানে আদালতে বিচারাধীন রয়েছে।
এ ঘটনায় এসআই মোহাম্মদ ইব্রাহিম খলিলউল্লাহ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দীঘিনালা থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলাটির তদন্তভার এসআই মো. আলা উদ্দিনের ওপর অর্পণ করা হয়েছে।
দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, “গ্রেপ্তার আরিফ এলাকায় মাদক সম্রাট হিসেবে পরিচিত এবং তার বিরুদ্ধে আগে থেকেই ১৩টি মাদক মামলা বিচারাধীন। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে প্রেরণ করা হবে। মাদকের বিরুদ্ধে পুলিশের এ ধরনের কঠোর অভিযান অব্যাহত থাকবে।”