রতন বৈষ্ণব ত্রিপুরা, রামগড়: খাগড়াছড়ির রামগড় উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও)-কে ভালো জায়গায় পদায়নের কথা বলে ১ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে। সরকারের পদস্থ এক সচিবের বড় ভাই পরিচয় দিয়ে প্রতারণা করতে গিয়ে ঢাকা মিরপুর সেওড়া পাড়া এলাকার বাসিন্দা রেজাউল করিম (৫৫) কে হাতেনাতে ধরা হয়।
মঙ্গলবার বিকেল ২টার দিকে রামগড় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ ঘটনা ঘটে। আটক বেক্তি নিজেকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের আপন বড় ভাই পরিচয় দিয়ে এই জালিয়াতির চেষ্টা চালান।
প্রশাসন সূত্রে জানা যায়, অভিযুক্ত প্রতারক নিজেকে সরকারের একজন প্রভাবশালী সচিবের বড় ভাই পরিচয় দিয়ে রামগড়ের ইউএনও-র মোবাইল ফোনে যোগাযোগ করেন। তিনি ইউএনওকে ভালো ও গুরুত্বপূর্ণ স্থানে বদলি বা পদায়ন করিয়ে দেওয়ার লোভনীয় প্রস্তাব দেন। এর বিনিময়ে তিনি কৌশলে ১ লাখ টাকা দাবি করেন। ১ লক্ষ টাকা না পাওয়ায় পরে ৫ হাজার টাকা পর্যন্ত দাবি করেন ঐ প্রতারক। বিষয়টি সন্দেহজনক মনে হলে ইউএনও কাজী শামীম অত্যন্ত চতুরতার সাথে ফাঁদ পাতেন এবং আইনশৃঙ্খলা বাহিনীকে বিষয়টি অবহিত করেন। পরবর্তীতে পূর্বপরিকল্পিত কথামতো ওই প্রতারককে হাতেনাতে আটক করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তির প্রতারণার চাঞ্চল্যকর নানা তথ্য বেরিয়ে আসে। তিনি দীর্ঘদিন ধরে প্রশাসনের বিভিন্ন উচ্চপদস্থ কর্মকর্তার নাম ভাঙিয়ে বদলি বাণিজ্য ও নানা প্রতারণা করে আসছিলেন বলে জানা গেছে। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানাগেছে।