খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক, খাগড়াছড়ি: বৌদ্ধ ধর্মের অন্যতম পুণ্যময় ধর্মীয় উৎসব কঠিন চীবর দান। দান, শীল ও ভাবনার মধ্য দিয়ে মৈত্রী, করুণা ও অহিংসার বাণী ছড়িয়ে দেওয়ার প্রত্যয়ে খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার মংসানাই চৌধুরী হেডম্যান পাড়ার ওয়াসু পালিটোল বৌদ্ধ বিহারে উদযাপিত হয়েছে ২২তম শুভ মহান দানোত্তম কঠিন চীবর দানোৎসব। একই দিনে ওয়াসু ১ নম্বর রাবার বাগানে নবনির্মিত ওয়েলুওয়ে বেনুবন বৌদ্ধ বিহার উদ্বোধন করা হয়েছে।
১৯ নভেম্বর বৃহস্পতিবার সকাল থেকে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বিহার প্রাঙ্গণে সমবেত হন বিভিন্ন বয়সী বৌদ্ধ ধর্মাবলম্বী নারী-পুরুষ ও পুণ্যার্থীরা। দুই দিনব্যাপী এ আয়োজনে বুদ্ধপূজা, সংঘদান, অষ্টপরিষ্কার দান, পিণ্ডদান ও কঠিন চীবর দানসহ বিভিন্ন ধর্মীয় আচার-অনুষ্ঠানে অংশ নেন দায়ক-দায়িকারা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ম্রাসাথোয়াই মারমা। ধর্মীয় দেশনা প্রদান করেন চাইন্দা মিজু মহাস্থবির। এ সময় ওয়াসু পালিটোল বৌদ্ধ বিহারের অধ্যক্ষ নাইন্দিয়া স্থবিরসহ বিভিন্ন বৌদ্ধ বিহারের ভিক্ষুসংঘ উপস্থিত থেকে ধর্মীয় কার্যক্রম পরিচালনা করেন।
বৌদ্ধ ধর্মীয় ঐতিহ্য অনুযায়ী, প্রবারণা পূর্ণিমার পর নির্ধারিত কঠিন চীবর দানের সময়সীমার মধ্যে ভিক্ষুসংঘকে চীবর দানের মধ্য দিয়ে এ পুণ্যোৎসব সম্পন্ন হয়। বৌদ্ধ ধর্মাবলম্বীদের কাছে এটি অন্যতম শ্রেষ্ঠ দান হিসেবে বিবেচিত। ত্যাগ, সংযম, শ্রদ্ধা ও সংঘের প্রতি দায়বদ্ধতার প্রতীক এই দানোৎসব।
ধর্মীয় এ আয়োজনের মধ্য দিয়ে বুদ্ধের মৈত্রী, করুণা, অহিংসা ও মানবকল্যাণের আদর্শ অনুসরণের পাশাপাশি সমাজে সম্প্রীতি, সহমর্মিতা ও শান্তির চর্চার আহ্বান জানানো হয়।
এদিকে, একই দিনে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের বাস্তবায়নে মাটিরাঙ্গা উপজেলার ওয়াসু ১ নম্বর রাবার বাগানে নবনির্মিত ওয়েলুওয়ে বেনুবন বৌদ্ধ বিহার উদ্বোধন করেন জেলা পরিষদ চেয়ারম্যান ম্রাসাথোয়াই মারমা। নতুন এ বিহার উদ্বোধনের মধ্য দিয়ে স্থানীয় বৌদ্ধ ধর্মাবলম্বীদের ধর্মীয় উপাসনা ও চর্চার জন্য আরও একটি স্থায়ী ধর্মীয় প্রতিষ্ঠান যুক্ত হয়েছে।