সন্তু লারমার বড় বোন জ্যোতি প্রভার শেষকৃত্য সম্পন্ন পানছড়িতে

শেয়ার করুন
খাগড়াছড়ি প্রতিনিধি: পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস-মূল)-এর সভাপতি জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা ওরফে সন্তু লারমার বড় বোন শ্রীমতি জ্যোতি প্রভা (মিনু) লারমার শেষকৃত্য সম্পন্ন হয়েছে খাগড়াছড়ির পানছড়িতে।
১৯ নভেম্বর বৃহস্পতিবার দুপুরে পানছড়ি সদর ইউনিয়নের রবিশিং পাড়ায় তাঁর অন্ত্যেষ্টিক্রিয়া ও দাহকার্য সম্পন্ন হয়। এতে পরিবারের সদস্য, দুই ছেলে, দুই মেয়ে ও নিকটাত্মীয়সহ প্রায় ২৫০ জন অংশ নেন।
পারিবারিক সূত্রে জানা যায়, গত বুধবার (১৮ নভেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে চট্টগ্রামের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বার্ধক্যজনিত কারণে জ্যোতি প্রভা (মিনু) লারমা মারা যান। মৃত্যুর পর তাঁর মরদেহ প্রথমে রাঙ্গামাটিতে নেওয়া হয়। পরে পরিবারের সদস্য ও স্বজনদের উপস্থিতিতে লাশবাহী অ্যাম্বুলেন্সে করে পানছড়ির রবিশিং পাড়ায় নিয়ে আসা হয়।
উল্লেখ্য, পানছড়িতে অবস্থিত তাঁর বড় ভাই প্রয়াত নেতা মানবেন্দ্র নারায়ণ লারমার (এমএন লারমা) সমাধিস্থলের এলাকায় তাঁকে শেষ বিদায় জানানো হয়।
পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ২৮ নভেম্বর রবিশিং পাড়ায় প্রয়াতের আত্মার শান্তি কামনায় সাপ্তাহিক ক্রিয়াকর্ম অনুষ্ঠিত হবে।