খাগড়াছড়ি প্রতিনিধি: পার্বত্য অঞ্চলের উন্নয়নে কোনো ধরনের বৈষম্য নয়, বরং সব জাতিগোষ্ঠীর সমান অধিকার, মর্যাদা ও অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। পাহাড়ে স্থায়ী শান্তি, সম্প্রীতি ও টেকসই উন্নয়ন প্রতিষ্ঠায় পারস্পরিক আস্থা, বিশ্বাস এবং সম্মিলিত উদ্যোগের বিকল্প নেই বলে মন্তব্য করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী সাচিং প্রু জেরি।
শনিবার সকালে খাগড়াছড়ি জেলা সদরের সার্কিট হাউস সম্মেলন কক্ষে জেলা পর্যায়ের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সুধীজনদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, পার্বত্য চট্টগ্রাম বাংলাদেশের অবিচ্ছেদ্য অংশ। এ অঞ্চলে বসবাসরত সব জাতিগোষ্ঠীর নিজস্ব ভাষা, সংস্কৃতি, ঐতিহ্য ও স্বতন্ত্র পরিচয় রয়েছে। এসব বৈচিত্র্যকে সম্মান জানিয়ে পাহাড়ে শান্তি ও সম্প্রীতির পরিবেশ গড়ে তুলতে হবে। সরকারি সুযোগ-সুবিধা বণ্টনে সব জনগোষ্ঠীর সমান অধিকার ও ন্যায্যতা নিশ্চিত করতে হবে। দায়িত্ব পালনে জাতিগত কিংবা ধর্মীয় বিভাজন নয়, বরং সবার কল্যাণকে প্রাধান্য দিতে হবে।
তিনি আরও বলেন, পার্বত্য অঞ্চলের উন্নয়ন মানে শুধু রাস্তাঘাট ও অবকাঠামো নির্মাণ নয়; মানুষের জীবনমান, কর্মসংস্থান, শিক্ষা ও স্বাস্থ্যসেবার উন্নয়নও সমান গুরুত্বপূর্ণ। প্রত্যন্ত এলাকার মানুষের ছোট ছোট সমস্যাগুলো চিহ্নিত করে স্থানীয় বাস্তবতার আলোকে উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করতে হবে। বিশেষ করে দুর্গম এলাকার শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগব্যবস্থার উন্নয়নে অগ্রাধিকার দেওয়া প্রয়োজন।
পাহাড়ের প্রাকৃতিক সম্পদ ও পরিবেশ সংরক্ষণের ওপর গুরুত্বারোপ করে মন্ত্রী বলেন, ঝিরি-ছড়া, বনাঞ্চল ও প্রাকৃতিক পানির উৎস রক্ষা করতে হবে। নির্বিচারে পাথর উত্তোলন ও বন ধ্বংস বন্ধ করে পানি সংরক্ষণে দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিতে হবে। পাশাপাশি কফি, কাজুবাদাম, লটকন ও রামবুটানের মতো উচ্চমূল্যের কৃষিপণ্যের চাষ সম্প্রসারণের মাধ্যমে পাহাড়ের অর্থনীতিতে নতুন সম্ভাবনা তৈরি করা সম্ভব। তবে কৃষকদের প্রশিক্ষণ, উন্নত জাতের চারা, সেচসুবিধা এবং উৎপাদিত পণ্যের বাজারজাতকরণ নিশ্চিত করতে হবে।
তরুণ প্রজন্মের বিকাশে খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়মিত ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করতে হবে। পাহাড়ের প্রতিভাবান খেলোয়াড়দের খুঁজে বের করে জাতীয় পর্যায়ে তুলে আনার সুযোগ সৃষ্টি করতে হবে।
পার্বত্য চট্টগ্রাম চুক্তির প্রসঙ্গ তুলে মন্ত্রী বলেন, ১৯৯৭ সালের পার্বত্য চট্টগ্রাম চুক্তির বাস্তবায়নসহ দীর্ঘদিনের অমীমাংসিত বিষয়গুলো সমাধানে আন্তরিক উদ্যোগ প্রয়োজন। পাহাড় ও সমতলের মানুষের মধ্যে কোনো বৈষম্য থাকা উচিত নয়। সব জাতিগোষ্ঠীর নিজস্ব পরিচয় ও সংস্কৃতির প্রতি সম্মান রেখে জাতীয় ঐক্য সুদৃঢ় করতে হবে।
সাজেকের দীর্ঘদিনের অচলাবস্থা ও অবরোধ পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, এ ধরনের পরিস্থিতিতে সাধারণ মানুষের জীবনযাত্রা, ব্যবসা-বাণিজ্য ও পর্যটন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। সংশ্লিষ্ট প্রশাসন, নিরাপত্তা বাহিনী ও দায়িত্বশীল ব্যক্তিদের সঙ্গে আলোচনা করে স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হবে। সাধারণ মানুষ যেন নিরাপদে ও স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পারেন, সেটিই আমাদের প্রত্যাশা।
সভায় বিশেষ অতিথির বক্তব্যে খাগড়াছড়ি আসনের সংসদ সদস্য আবদুল ওয়াদুদ ভূঁইয়া বলেন, সাম্প্রতিক সময়ে সরকারি স্থাপনায় অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনা উদ্বেগজনক। এ ধরনের ঘটনা প্রতিরোধে প্রতিটি সরকারি দপ্তরের নিজস্ব নিরাপত্তাব্যবস্থা জোরদার করতে হবে। নাইটগার্ডদের যথাযথ দায়িত্ব পালন নিশ্চিত করার পাশাপাশি গুরুত্বপূর্ণ স্থাপনার সামনে ও পেছনে সিসিটিভি ক্যামেরা স্থাপন জরুরি। নাশকতাকারীরা অনেক সময় আগে থেকেই স্থাপনা পর্যবেক্ষণ করে পরিকল্পিতভাবে হামলা চালায়। তাই ডিসেম্বর মাসকে সামনে রেখে সবাইকে সতর্ক থাকতে হবে।
তিনি বলেন, পাহাড়ে শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে পাহাড়ি-বাঙালির মধ্যে আস্থা, বিশ্বাস ও বন্ধুত্ব আরও সুদৃঢ় করতে হবে। অতীতের তুলনায় এ ক্ষেত্রে অনেক অগ্রগতি হয়েছে। এবারের নির্বাচনে পাহাড়ি জনগোষ্ঠীর উল্লেখযোগ্যসংখ্যক মানুষের সমর্থন পাওয়া পারস্পরিক আস্থা ও বিশ্বাসের ইতিবাচক প্রতিফলন। মুষ্টিমেয় কোনো সশস্ত্র গোষ্ঠী বা উসকানিদাতা মহল যেন এ সম্প্রীতি নষ্ট করতে না পারে, সে বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে।
আঞ্চলিক সংগঠনগুলোর সঙ্গে সরকারের কিংবা বিএনপির ব্যক্তিগত কোনো বিরোধ নেই উল্লেখ করে তিনি বলেন, দাবিদাওয়া থাকলে আলোচনার মাধ্যমে সমাধানের পথ খুঁজে বের করা সম্ভব। তবে নাশকতা বা রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের আশ্রয়-প্রশ্রয় দেওয়া গ্রহণযোগ্য নয়। মুবাছড়িতে সাবেক আওয়ামী লীগ সরকারের মন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরার দীর্ঘদিন অবস্থানের বিষয়টি প্রশাসন ও নিরাপত্তা বাহিনীকে জানানো হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
বর্তমান পরিস্থিতিতে গভীর রাতে সন্দেহজনক চলাচল ও মোটরসাইকেলে দলবদ্ধভাবে ঘোরাফেরার বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়ে ওয়াদুদ ভূঁইয়া বলেন, পুলিশ ও নিরাপত্তা বাহিনীকে রাতের টহল জোরদার করতে হবে। সম্ভাব্য সংঘাত কিংবা নাশকতা প্রতিরোধে আগাম ব্যবস্থা নিতে হবে। তবে কাউকে তার জাতিগত পরিচয়ের কারণে হয়রানি করা যাবে না। কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা যেন সাম্প্রদায়িক উত্তেজনায় রূপ না নেয়, সে বিষয়ে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. আনোয়ার সাদাত। এতে উপস্থিত ছিলেন রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মেজবাউল ইসলাম খান, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ম্রাসা থোয়াই মারমা, পুলিশ সুপার মো. মোরতোজা আলী খান, বিজিবির সেক্টর কমান্ডার কর্নেল ইফতেখারুল আলম বেগ এবং মং সার্কেল চিফ সাচিং প্রু চৌধুরী।
এ ছাড়া জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধি, জনপ্রতিনিধি, সামাজিক ও সুশীল সমাজের প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিরা সভায় অংশ নেন।
সভায় খাগড়াছড়ি পার্বত্য জেলার সার্বিক পরিস্থিতি, উন্নয়ন কার্যক্রমের অগ্রগতি, শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগব্যবস্থা, কৃষি, পর্যটন, আইনশৃঙ্খলা এবং পাহাড়ে শান্তি-সম্প্রীতি বজায় রাখাসহ জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। একই সঙ্গে জেলার উন্নয়ন সম্ভাবনাকে কাজে লাগানো, বিদ্যমান সমস্যা চিহ্নিত করে সমাধান এবং সরকারি দপ্তরগুলোর মধ্যে সমন্বয় জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হয়।
বক্তারা বলেন, পাহাড়ের সব সম্প্রদায়ের মানুষের অংশগ্রহণ, পারস্পরিক শ্রদ্ধা ও সহযোগিতা নিশ্চিত করা গেলে খাগড়াছড়িকে শান্তি, সম্প্রীতি ও টেকসই উন্নয়নের পথে আরও এগিয়ে নেওয়া সম্ভব।