ফটিকছড়ি প্রতিনিধি: চট্টগ্রামের ফটিকছড়ির পাইন্দংয়ে মহান মুক্তিযুদ্ধের স্মৃতি সংরক্ষণ, মুক্তিযুদ্ধের ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরা এবং বীর মুক্তিযোদ্ধাদের সম্মান জানাতে মাসব্যাপী বিজয়মেলা হবে বলে জানিয়েছেন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য সরোয়ার আলমগীর । শনিবার (২৮ নভেম্বর) বিকেলে ফটিকছড়ির পাইন্দংয়ের ফেলাগাজী দিঘীর মাঠে সাংবাদিকদের বিফিংয়ে তিনি এ কথা বলেন। উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আয়োজনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংসদ সদস্য সরোয়ার আলমগীর বলেন, মহান মুক্তিযুদ্ধের সময় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত এলাকা ফটিকছড়ি। এ অঞ্চলের মধ্য দিয়ে তিনি ভারতে গিয়েছিলেন এবং পরবর্তী সময়ে আবার ফটিকছড়িতে ফিরে হেঁয়াকো এলাকায় প্রায় এক মাস অবস্থান করেছিলেন। মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ, লোকসংগীত ও লোকজ ঐতিহ্যভিত্তিক নানা আয়োজনের মধ্য দিয়ে বিজয়মেলা অনুষ্ঠিত হবে। এসব আয়োজনের মাধ্যমে মুক্তিযুদ্ধের ইতিহাস ও স্মৃতি সংরক্ষণ করা হবে। মেলায় কোনো ধরনের কুসংস্কার, অন্যায় কিংবা চাঁদাবাজির সুযোগ থাকবে না। সব আয়োজন শালীনতা ও সুন্দর পরিবেশে সম্পন্ন করা হবে।
তিনি আরও বলেন, আগামী ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে ফটিকছড়ির বীর মুক্তিযোদ্ধা এবং মহান মুক্তিযুদ্ধে যারা সহযোগিতা করেছেন, তাদের নিয়ে দিনব্যাপী বিশেষ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হবে। ১৯৭১ সালে ফটিকছড়ি থেকে যারা মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছেন এবং বিভিন্নভাবে সহযোগিতা করেছেন, তাদের সবাইকে এ অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হবে। তিনি বলেন, মুক্তিযুদ্ধের স্মৃতি ও ইতিহাস ধরে রাখা আমাদের সবার দায়িত্ব। ফটিকছড়ির মানুষ মুক্তিযুদ্ধের চেতনায় ঐক্যবদ্ধ—এটি গত ১২তম নির্বাচনের মধ্য দিয়েও প্রমাণিত হয়েছে বলে তিনি মন্তব্য করেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব জহির আজম চৌধুরী, আহমেদ হোসেন তালুকদার, বিজয়মেলা উদযাপন কমিটির চেয়ারম্যান ও সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মাহবুবুল আলম চৌধুরী, কো-চেয়ারম্যান ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের বর্তমান কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আমিনুল হক, সচিব বীর মুক্তিযোদ্ধা নুরুল আবছার, আবু আজম তালুকদার, জাহাঙ্গীর আলম চৌধুরী, আব্দুল মালেক, মোজাহারুল ইকবাল লাভলু, আহমদ রশিদ চৌধুরী, নুরুল আলম, নাজমুল হোসেন লিটন, দৌলত মিয়াসহ বীর মুক্তিযোদ্ধারা এবং স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।