মোঃ কাউছারুল ইসলাম, মহালছড়ি: দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়ির মহালছড়িতে জাতীয় যুব দিবস-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
১ নভেম্বর রবিবার উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে দিবসটি উপলক্ষে র্যালি শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ আলমগীর মাহমুদ সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহালছড়ি উপজেলা বিএনপির সভাপতি মোঃ আনোয়ার হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা প্রবীণ চাকমা, উপজেলা খাদ্য কর্মকর্তা প্রমিত চাকমা, উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ আলমগীর হোসেন, মহালছড়ি উপজেলা প্রেসক্লাবের সভাপতি দীপক সেন এবং উপজেলা যুবদলের আহ্বায়ক ও উপজেলা বিএনপির যুব বিষয়ক সম্পাদক মোঃ শরিফুল ইসলাম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা নমরত্ন চাকমা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা যুব উন্নয়ন কার্যালয়ের কম্পিউটার অপারেটর অংসুইচিং মারমা।
আলোচনা সভায় বক্তারা বলেন, যুবসমাজ দেশের অন্যতম চালিকাশক্তি। যুবকদের দক্ষতা উন্নয়ন, কারিগরি প্রশিক্ষণ, আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার মাধ্যমে দেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সম্ভব। তাই যুবসমাজকে প্রশিক্ষণ ও কর্মমুখী শিক্ষার মাধ্যমে দক্ষ মানবসম্পদে পরিণত করতে হবে।
অনুষ্ঠানের একটি উল্লেখযোগ্য অংশ হিসেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পক্ষ থেকে মহালছড়ির নবারুণ সংঘ ক্লাবকে ৭৫ হাজার টাকার চেক প্রদান করা হয়।উক্ত চেকটি গ্রহণ করেন নবারুণ সংঘ ক্লাবের সাধারণ সম্পাদক মনজু লাল চাকমা।
এ সময় স্থানীয় যুবক-যুবতী, সাংবাদিক, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।