স্টাফ রিপোর্টার: খাগড়াছড়ি পার্বত্য জেলার সম্মানিত পুলিশ সুপার মহোদয়ের সার্বিক দিক-নির্দেশনায় এবং মাটিরাঙ্গা থানা পুলিশের অভিযানের মাধ্যমে গত ১২ অক্টোবর ২০২৬ খ্রিঃ তারিখ ভোরবেলা মাটিরাঙ্গা সদর ইউনিয়নের সীমান্ত সড়ক এলাকায় সংঘটিত চাঞ্চল্যকর ডাকাত দলের ৪ সক্রিয় সদস্যকে গ্রেফতার করা হয়েছে।
গত ১২/১০/২০২৬ খ্রিঃ তারিখ অনুমান ভোর ০৫:৫০ ঘটিকার সময় মাটিরাঙ্গা থানাধীন ৬নং মাটিরাঙ্গা সদর ইউনিয়নের সীমান্ত সড়ক চালিতাছড়া এলাকা (শয়তানের টিলা) দিয়ে যাওয়ার সময় পূর্ব থেকে ওঁৎ পেতে থাকা ৬ সদস্যের একটি ডাকাত দল অস্ত্রশস্ত্র নিয়ে বাদী ও তাঁর পিতাকে মারাত্মক আহত করে। ডাকাতরা তাঁদের সাথে থাকা গরু কেনার নগদ ২০,২০,০০০/- (বিশ লক্ষ বিশ হাজার) টাকা এবং ২টি দামি মোবাইল ফোন ডাকাতি করে মোটরসাইকেল যোগে পালিয়ে যায়। এ ঘটনায় মাটিরাঙ্গা থানায় ধারা-৩৯৫/৩৯৭ পেনাল কোডে মামলা নং-০৫ (তারিখ: ১২/১০/২০২৬ খ্রিঃ) রুজু হয়।
অভিযানের সাফল্য ও উদ্ধার:
মামলা রুজুর পর খাগড়াছড়ি জেলা পুলিশ সুপারের প্রত্যক্ষ তত্ত্বাবধান ও দিকনির্দেশনায় মাটিরাঙ্গা থানা পুলিশ ব্যাপক অভিযান পরিচালনা করে। তথ্যপ্রযুক্তির সহায়তা, সিডিআর পর্যালোচনা ও গোপন সংবাদের ভিত্তিতে গত ১৮/১০/২০২৬ খ্রিঃ তারিখ ঘটনার সাথে জড়িত চারজন ডাকাতকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীরা হলো: ১. মোঃ আলী হোসেন (২৪) ২. নোমান ইসলাম রাব্বি (১৯) ৩. মোঃ ইউসুফ মিয়া প্রকাশ নয়ন (২৬) ৪. মোঃ আবু মুসা (২৭) গ্রেফতারকৃতদের মধ্যে ২নং আসামী বিজ্ঞ আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছে।
আলামত ও মালামাল উদ্ধার:
– ডাকাতিতে ব্যবহৃত ২টি ধারালো চাকু ও মুখ ঢাকার কাপড়। লুণ্ঠিত নগদ ৫৯,০০০/- টাকা। ডাকাতিতে ব্যবহৃত ১টি মোটরসাইকেল এবং লুণ্ঠিত টাকা দিয়ে ক্রয়কৃত ২টি নতুন মোটরসাইকেল (সর্বমোট ৩টি মোটরসাইকেল)। লুণ্ঠিত টাকা দিয়ে ক্রয়কৃত ৩টি নতুন মোবাইল ফোন। গ্রেফতারকৃত আসামীদেরকে আইনানুগ প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। অপরাধ দমন ও জননিরাপত্তা নিশ্চিত করতে খাগড়াছড়ি জেলা পুলিশের এই ধরণের কঠোর অভিযান অব্যাহত থাকবে।