লক্ষ্মীছড়ির দুর্গম বড়পাড়ায় সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা

শেয়ার করুন

স্টাফ রিপোর্টার: খাগড়াছড়ির লক্ষ্মীছড়ি উপজেলার দুর্গম বর্মাছড়ি ইউনিয়নের বড়পাড়ায় বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।  ২০ অক্টোবর মঙ্গলবার সকাল থেকে বড়পাড়ার লেলাং সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ চিকিৎসা কার্যক্রম পরিচালিত হয়।

দুর্গম এ অঞ্চলে দীর্ঘদিন পর চিকিৎসাসেবা কার্যক্রম অনুষ্ঠিত হওয়ায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে ব্যাপক সাড়া দেখা যায়। বিশেষ করে, সেনাবাহিনীর চিকিৎসকের পাশাপাশি খাগড়াছড়ি থেকে আগত চক্ষু ও চর্মরোগ বিশেষজ্ঞ দুজন চিকিৎসক সেবা প্রদান করায় এলাকার সাধারণ মানুষ উপকৃত হন।

চিকিৎসা ক্যাম্পে স্থানীয় বাসিন্দাদের সাধারণ চিকিৎসাসেবার পাশাপাশি চোখ ও চর্মরোগসংক্রান্ত বিভিন্ন সমস্যার চিকিৎসা ও পরামর্শ প্রদান করা হয়। দুর্গম যোগাযোগব্যবস্থা ও চিকিৎসাসেবার সীমিত সুযোগের কারণে দীর্ঘদিন ধরে স্বাস্থ্যসেবা পেতে ভোগান্তিতে থাকা এলাকার মানুষের জন্য এ উদ্যোগ বিশেষ গুরুত্ব বহন করে।

বড়পাড়াসহ আশপাশের এলাকায় বসবাসরত চাকমা, মারমা ও সাঁওতাল সম্প্রদায়ের মানুষের জন্য এ চিকিৎসা কার্যক্রম স্বাস্থ্যসেবা গ্রহণের একটি গুরুত্বপূর্ণ সুযোগ সৃষ্টি করেছে। দীর্ঘ বিরতির পর এ ধরনের উদ্যোগ গ্রহণ করায় স্থানীয়দের মধ্যে স্বস্তি ও সন্তোষ দেখা যায়।

চিকিৎসা কার্যক্রমে উপস্থিত ছিলেন লক্ষ্মীছড়ি জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল খান সজিবুল ইসলাম, পিপিএম, পিএসসি, জি, ভারপ্রাপ্ত উপ-অধিনায়ক মেজর নাহিয়ান ইমতিয়াজ, বর্মাছড়ি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন রিফাত ইবনে আলম, মেডিকেল অফিসার ক্যাপ্টেন শাকিল, চক্ষুরোগ বিশেষজ্ঞ কেয়াচিং মারমা, চর্মরোগ বিশেষজ্ঞ ত্রিলোক চাকমা এবং বর্মাছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুইসালা চৌধুরী।

পার্বত্য চট্টগ্রামের দুর্গম ও প্রত্যন্ত অঞ্চলের মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার এ উদ্যোগ স্থানীয় জনগণের সঙ্গে সম্প্রীতি ও পারস্পরিক আস্থা জোরদারে ইতিবাচক ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।