রতন বৈষ্ণব ত্রিপুরা, রামগড়: ‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’—বর্তমান সরকারের এই নির্বাচনী অঙ্গীকার ও প্রতিপাদ্যকে সামনে রেখে নারীর ক্ষমতায়ন এবং পরিবারের জীবনমান উন্নয়নের লক্ষ্যে তৃতীয় পর্যায়ের ‘ফ্যামিলি কার্ড’ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে।
১৭ জুন বুধবার বিকেল ৩টায় মৌলভীবাজার জেলা থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এমপি দেশের ২০টি উপজেলায় একযোগে এই বিশেষ পাইলটিং কার্যক্রমের উদ্বোধন করেন। প্রধানমন্ত্রীর এই ঘোষণার সাথে সামঞ্জস্য রেখে রামগড় উপজেলাতেও কর্মসূচিটি আনুষ্ঠানিকভাবে শুরু হয়।
এ উপলক্ষে বিকেল ২টায় রামগড় ১নং ইউনিয়নের ৫নং ওয়ার্ডের লামকুপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে খাগড়াছড়ি জেলা প্রশাসনের আয়োজনে ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন খাগড়াছড়ির জেলা প্রশাসক আনোয়ার সাদাত।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খাগড়াছড়ি-২৯৮ আসনের সংসদ সদস্য আব্দুল ওয়াদুদ ভূঁইয়া ৪৫৬ জন সুবিধাভোগী পরিবারের হাতে ‘ফ্যামিলি কার্ড’ তুলে দেন। ফ্যামিলি কার্ড পেয়ে আবেগে আপ্লুত রামগড়ের আনু মারমা ভার্চুয়ালি প্রধানমন্ত্রীর নিকট কৃতজ্ঞতা প্রকাশ করেন। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি ও বিশেষ অতিথি বৃন্দ গাছের চারা রোপন করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা, এডিসি জেনারেল (সার্বিক) হাসান মারুফ, জেলা পুলিশ সুপার মো: মোর্তোজা আলী খাঁন, উপজেলা নির্বাহী অফিসার কাজী শামীম, সহকারী কমিশনার (ভূমি) দ্বীন আল জান্নাত, রামগড় থানার অফিসার ইনচার্জ নাজির আলম, জেলা বিএনপির সহ সভাপতি প্রবীন চন্দ্র চাকমা-সহ-সভাপতি হাফেজ আহম্মদ ভূঁইয়া, সাধারণ সম্পাদক এম এন আবছার, ডা: সুশান্ত রড়ুয়া, রামগড় উপজেলা বিএনপির সভাপতি মো. জসীম উদ্দিন, পৌর বিএনপির সভাপতি মো. বাহার উদ্দিন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাফায়েত মোর্শেদ ভূঁইয়া মিঠু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শেফায়েত উল্ল্যাহসহ জেলা- উপজেলা বিএনপি পরিবার ও স্থানীয় জনসাধারণ, গণ্যমান্য ব্যক্তিবর্গ, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং উপকারভোগী পরিবারের সদস্যরা।
জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক আবু আবদুল্লাহ মো. ওয়ালী উল্লাহ জানান, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে প্রকৃত যোগ্য ব্যক্তিদের চিহ্নিত করেই এই কার্ড বিতরণ করা হয়েছে। পর্যায়ক্রমে এই কর্মসূচির পরিধি আরও বিস্তৃত করা হবে।