খাগড়াছড়িতে বিডি ক্লিনের বৃক্ষরোপণ: রাস্তার পাশে ফুটছে ফুল, ছড়াচ্ছে সবুজ

শেয়ার করুন

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক: রাস্তার পাশে ফুটুক ফুল, ছড়িয়ে পড়ুক সবুজের রং,এই প্রত্যয়ে খাগড়াছড়িতে ধারাবাহিকভাবে বৃক্ষরোপণ ও পরিচর্যা কার্যক্রম চালিয়ে যাচ্ছে সামাজিক সংগঠন বিডি ক্লিন খাগড়াছড়ি। সংগঠনটির দীর্ঘদিনের উদ্যোগে বিভিন্ন এলাকায় রোপণ করা গাছগুলো এখন ফুলে-ফুলে সুশোভিত হয়ে রাস্তার পাশ ও জনপদে যোগ করেছে নতুন সৌন্দর্য।

শুক্রবার সকালে বিভিন্ন এলাকায় বিডি ক্লিন খাগড়াছড়ির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং পরিচ্ছন্ন ও বাসযোগ্য পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে বিভিন্ন স্থানে গাছের চারা রোপণ করা হয়।
বিডি ক্লিন খাগড়াছড়ির সদস্যরা জানান, বৃক্ষরোপণ শুধু একটি দিনের কর্মসূচি নয়; বরং রোপণ করা গাছের পরিচর্যা ও সংরক্ষণের মধ্য দিয়ে দীর্ঘমেয়াদি সবুজায়নের লক্ষ্য নিয়ে তারা কাজ করে যাচ্ছেন। এরই ধারাবাহিকতায় আগের রোপণ করা গাছগুলো বেড়ে উঠে ফুলে-ফুলে সুশোভিত হয়েছে। এতে রাস্তার পাশ, জনপদ ও আশপাশের পরিবেশে যেমন সৌন্দর্য বেড়েছে, তেমনি তৈরি হয়েছে সবুজের আবহ।
বৃক্ষরোপণ কর্মসূচিতে সার্বিক সহযোগিতা ও উৎসাহ প্রদান করেন সমাজসেবক ও রাজনৈতিক ব্যক্তি শাহেদুল হোসেন সুমন। এছাড়া সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে নিয়মিতভাবে সম্পৃক্ত বাপ্পি মজুমদার, মো. রফিক, মো. মেহেদীসহ আরও অনেকে উপস্থিত থেকে কর্মসূচিতে সহযোগিতা করেন।
আয়োজকেরা বলেন, আন্তরিক উপস্থিতি, উৎসাহ ও সহযোগিতা এ ধরনের উদ্যোগকে আরও প্রাণবন্ত ও সফল করে তোলে। মানুষের জন্য, সমাজের জন্য এবং পরিবেশের জন্য সম্মিলিতভাবে কাজ করার মানসিকতাই তাদের এগিয়ে যাওয়ার অন্যতম শক্তি।
তারা আরও বলেন, পরিবেশ সংরক্ষণ, সামাজিক দায়বদ্ধতা ও মানবিক মূল্যবোধকে ধারণ করে বিডি ক্লিন নিয়মিতভাবে বিভিন্ন জনকল্যাণমূলক ও সামাজিক কার্যক্রম পরিচালনা করে আসছে। পরিচ্ছন্নতার পাশাপাশি সবুজায়ন ও পরিবেশ রক্ষায় মানুষের মধ্যে সচেতনতা তৈরিও তাদের অন্যতম লক্ষ্য।
বিডি ক্লিন খাগড়াছড়ি মনে করে, একটি পরিচ্ছন্ন, সবুজ, সচেতন ও মানবিক বাংলাদেশ গড়ে তুলতে ব্যক্তি ও সামাজিক উদ্যোগের সমন্বিত ভূমিকা জরুরি। সেই লক্ষ্যেই বৃক্ষরোপণ ও পরিচর্যার এই ধারাবাহিক পথচলা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।