রতন বৈষ্ণব ত্রিপুরা, রামগড়: খাগড়াছড়ির রামগড়ে এক নারীকে দীর্ঘদিন ধরে মেসেঞ্জারে অশালীন বার্তা পাঠানো এবং সরাসরি বাসায় গিয়ে অনৈতিক প্রস্তাব দেওয়ার অভিযোগে শাহাদাৎ হোসেন (৪৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে রামগড় থানা পুলিশ। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন পেয়ে রামগড় পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের চৌধুরীপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।
পুলিশ ও ভুক্তভোগী নারীর সূত্রে জানা যায়, অভিযুক্ত শাহাদাৎ হোসেন প্রায় এক মাস ধরে ওই নারীকে মেসেঞ্জারে অশালীন ভাষায় বিভিন্ন বার্তা পাঠিয়ে আসছিলেন। কোনো সাড়া না পেয়ে বৃহস্পতিবার সকালে সরাসরি ওই নারীর বাসায় গিয়ে অনৈতিক প্রস্তাব দেন তিনি। এ সময় মেসেঞ্জারে বার্তার জবাব না দেওয়ার বিষয়ে ভুক্তভোগীর সঙ্গে অসৌজন্যমূলক আচরণও করেন অভিযুক্ত।
একপর্যায়ে ভুক্তভোগী নারী জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে পুলিশের সহায়তা চান। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত শাহাদাৎ হোসেনকে আটক করে থানায় নিয়ে যায়।
রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজির আলম জানান, ৯৯৯-এ কল পাওয়ার পর লোকেশন শনাক্ত করে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে আটক করা হয়। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ১০ ধারায় মামলা রুজু করা হয়েছে।