রামগড়ে সর্বজনীন দুর্গা পূজা মণ্ডপ পরিদর্শনে ওয়াদুদ ভূইয়া, এমপি

শেয়ার করুন

রতন বৈষ্ণব ত্রিপুরা, রামগড়: ধর্ম-বর্ণ নির্বিশেষে পারস্পরিক শ্রদ্ধাবোধ, ভালোবাসা ও সহমর্মিতার বন্ধন অটুট রেখে দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন খাগড়াছড়ি ২৯৮ আসনের সাংসদ ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ওয়াদুদ ভূঁইয়া।

২০ অক্টোবর মঙ্গলবার রাতে রামগড় শ্রীশ্রী দক্ষিণেশ্বী কালী মন্দিরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সরেজমিনে পরিদর্শনকালে তিনি এ আহ্বান জানান। পূজা পরিদর্শনকালে সম্মানীত সাংসদ মন্দির কর্তৃপক্ষ, মাতৃমণ্ডলী ও উপস্থিত ভক্তদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় তিনি সনাতন সম্প্রদায়ের সবাইকে শারদীয় শুভেচ্ছা জানিয়ে বলেন, বাংলাদেশের সৌন্দর্য ও শক্তি নিহিত রয়েছে মানুষের পারস্পরিক ভালোবাসা, শ্রদ্ধাবোধ ও সাম্প্রদায়িক সম্প্রীতির মধ্যে। এ বন্ধন অটুট আছে বলেই বাংলাদেশ এত সুন্দর। এবারের দুর্গা পূজা ৯৯ তম উদযাপন হচ্ছে, আগামী বছরে ১শত তম দুর্গা পূজা জাঁকজমকপূর্ণ করার বিষয়ে সার্বিক সহযোগিতা থাকবে বলে আশ্বাস প্রদান করেন। পরে পূজা উদযাপন পর্ষদের হাতে অনুদান প্রদান করেন। তিনি বলেন, এ অঞ্চলে বিভিন্ন ধর্ম ও সম্প্রদায়ের মানুষ দীর্ঘদিন ধরে নিজ নিজ ধর্মীয় রীতিনীতি, সংস্কৃতি ও ঐতিহ্য অনুসরণ করে শান্তিপূর্ণভাবে বসবাস করে আসছেন। হিন্দু, মুসলমান, মারমা, ত্রিপুরা, খ্রিষ্টানসহ বিভিন্ন সম্প্রদায়ের মানুষের সম্মিলিত উপস্থিতি এ জনপদকে বৈচিত্র্যময় ও সমৃদ্ধ করেছে। প্রত্যেকের ধর্মীয় বিশ্বাস, সংস্কৃতি ও ঐতিহ্যের প্রতি সম্মান প্রদর্শন করা আমাদের নৈতিক দায়িত্ব।

তাই ধর্ম-বর্ণ নির্বিশেষে দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। তবেই সমাজে শান্তি, সৌহার্দ্য ও পারস্পরিক সহযোগিতার বন্ধন আরও সুদৃঢ় হবে। এসময় উপস্থিত ছিলেন, ইউএনও কাজী শামীম, জেলা বিএনপির সহ সভাপতি হাফেজ আহম্মদ ভূইয়া- জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য এমএন আবছার, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও জেলা পরিযদ সদস্য এ্যা: মালেক মিন্টু, রামগড় থানার ওসি নাজির আলম, উপজেলা বিএনপির সভাপতি জসিম উদ্দিন, পৌর বিএনপির সভাপতি বাহার উদ্দিন- উপজেলা বিএনপির সাধারন সম্পাদক সাফায়েত মোর্শেদ ভূইয়া মিঠু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শেফায়েত উল্ল্যাহ ও জেলা- উপজেলা বিএনপির নেতাকর্মী, পূজা উদযাপন পর্ষদের নেতৃবৃন্দসহ ভক্ত মন্ডলীগন।