লক্ষ্মীছড়িতে আন্তর্জাতিক শ্রমিক দিবসের র‌্যালি ও আলোচনা সভা

শেয়ার করুন

স্টাফ রিপোর্টার:  খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়ি উপজেলায় মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস পালিত হয়েছে। ১ মে শুক্রবার সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

“স্বাস্থ্য শ্রমিক, কর্মঠ হাত, আসবে এবার নব প্রভাত” এই প্রতিপাদ্যকে সামনে রেখে র‍্যালি শেষ করে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করা হয়। লক্ষীছড়ি উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ কাওসার হামিদ সভায় সভাপতিত্ব করেন। এ সময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, ক্রীড়া সংস্থার সদস্যসহ শ্রমিক নেতারা উপস্থিত ছিলেন।

আলোচনায় বক্তারা বলেন, মে দিবস শুধু স্মরণ করলেই হবে না- এই দিবসের অনেক তাৎপর্য রয়েছে। এটি শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের প্রতীক। দেশের অর্থনৈতিক অগ্রগতির পেছনে রয়েছে শ্রমিকদের অক্লান্ত পরিশ্রম। পাশাপাশি, পেশাগত সুরক্ষা ও স্বাস্থ্যবিধি মেনে চলার ওপরও গুরুত্বারোপ করেন বক্তারা।