লক্ষীছড়িতে অবরোধ শেষে যান চলাচল শুরু

শেয়ার করুন

লক্ষ্মীছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়ি উপজেলায় অবরোধ পালিত হয়েছে। সাজেকে সড়ক অবরোধ চলাকালে অবরোধাকারীদের ওপর হামলার অভিযোগ এনে ছাত্র-জনতার সংগ্রাম পরিষদ খাগড়াছড়ি ও রাঙামাটিতে অর্ধ দিবস সড়ক ও নৌপথ অবরোধের ডাক দেয়। গাছের গুড়ি ফেলে রাস্তা অবরোধ করলেও অবরোধ শেষে সেনাবাহিনীর সহায়তায় রাস্তা পরিস্কার করলে আবারো যান চলাচল শুরু হয়। পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়রা এ কাজে সহযোগিতা করেন।

২৪ অক্টোবর শনিবার অবরোধের শুরুতেই লক্ষীছড়ি-মানিকছড়ি সড়ক ও ফটিকছড়ি-লক্ষীছড়ি সড়কে গাছের গুড়ি ফেলে রাস্তা ব্লক করে দেয় অবরোধকারীরা। জানা যায়, লক্ষীছড়ি-মানিকছড়ি সড়কে কালাপানি, আদর্শ গ্রাম এলাকায় অবরোধকারীরা রাস্তায় গুড়ি ফেলে চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। এদিকে ফটিকছড়ি-লক্ষীছড়ি সড়কে বাইন্যাছোলা নামক এলাকায় রাস্তার পাশের গাছ কেটে ফেলে দিলে রাস্তা বন্ধ হয়ে যায়। পরে সেনা সহায়তায় গাছের গুড়ি সরিয়ে ফেলা হয়। তবে দিনের আলোতে অবরোধ কারীদের তৎপরতা কোথাও দেখা যায় নি।

লক্ষ্মীছড়ি থানার অফিসার ইনচার্জ মো: সাইফুল ইসলাম জানান, পুলিশের কড়া নজরদারি রয়েছে। এখনো পর্যন্ত বড় ধরনের কোনো অপ্রীতকর ঘটনার খবর পাওয়া যায় নি। কিছু এলাকায় অবরোধকারীরা গাছের গুড়ি ফেলে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে বলে খবর পেয়েছি। পুরো এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানান তিনি। শেষ খবর পাওয়া পর্যন্ত যান চলাচল শুরু হয়েছে।