স্টাফ রিপোর্টার: পার্বত্য অঞ্চলের প্রান্তিক খামারিদের দক্ষতা বৃদ্ধি, প্রাণি সম্পদের রোগ প্রতিরোধ এবং সঠিক পরিচর্যা সম্পর্কে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে খাগড়াছড়ির গুইমারা রিজিয়নের আওতাধীন লক্ষীছড়ি জোনের উদ্যোগে দুল্যাতলী আর্মি ক্যাম্পে প্রাণিসম্পদ বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন লক্ষীছড়ি জোনের ভারপ্রাপ্ত উপ-অধিনায়ক মেজর নাহিয়ান ইমতিয়াজ।
দিনব্যাপী এ প্রশিক্ষণে দুল্যাতলী ইউনিয়নের মোট ১৫ জন প্রান্তিক খামারি অংশগ্রহণ করেন। এতে গবাদিপশু, ছাগল, হাঁস-মুরগি ও শূকর পালনে সাধারণ রোগ শনাক্তকরণ, রোগ প্রতিরোধ, টিকাদান, কৃমিনাশক ওষুধের ব্যবহার, সুষম খাদ্য ব্যবস্থাপনা এবং অসুস্থ প্রাণীর প্রাথমিক পরিচর্যা সম্পর্কে তাত্ত্বিক ও ব্যবহারিক প্রশিক্ষণ প্রদান করা হয়।
পরে প্রশিক্ষণে অংশগ্রহণকারী খামারিদের মধ্যে প্রয়োজনীয় পশু-পাখির ওষুধ বিতরণ করা হয়। এ উদ্যোগের মাধ্যমে প্রান্তিক খামারিদের প্রাণিসম্পদ ব্যবস্থাপনায় দক্ষতা বৃদ্ধি, পশু-পাখির মৃত্যুহার হ্রাস এবং পারিবারিক আয় বৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন প্রধান অতিথি।
এ সময় দুল্যাতলী আর্মি ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন মাহাথির, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও ভেটেরিনারি সার্জন ডা. মো. শফিউল ইসলাম এবং দুল্যাতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ত্রিলন চাকমা উপস্থিত ছিলেন।##