স্টাফ রিপোর্টার: “শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন” এই মূলমন্ত্রকে ধারণ করে গুইমারা রিজিয়নের অধীনস্থ লক্ষীছড়ি জোন মানবিক সহায়তা কার্যক্রমের অংশ হিসেবে আজ শুকনাছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪০ জন ছাত্র-ছাত্রীর মাঝে শিক্ষা সহায়ক সামগ্রী বিতরণ করেছে। বিতরণকৃত সামগ্রীর মধ্যে ছিল স্কুল ব্যাগ, খাতা, কলম, পেন্সিল ও রাবার ইত্যাদি।
২০জুন শনিবার দুপুরে শুকনাছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে লক্ষীছড়ি জোনের ক্যাপ্টেন ফাহিম ফয়সাল শিক্ষার্থীদের মাঝে এ শিক্ষা সামগ্রী বিতরণ করেন।
পাহাড়ের দুর্গম ও প্রত্যন্ত অঞ্চলের অনেক শিক্ষার্থী বিভিন্ন আর্থিক সীমাবদ্ধতার কারণে প্রয়োজনীয় শিক্ষা উপকরণ যোগানে হিমশিম খায়। এসব শিক্ষার্থীর শিক্ষা কার্যক্রম সচল রাখা, বিদ্যালয়ে নিয়মিত উপস্থিতি নিশ্চিত করা এবং তাদের পড়াশোনার প্রতি আরও উৎসাহিত ও মনোযোগী করে তোলার লক্ষ্যে লক্ষীছড়ি জোনের পক্ষ থেকে এই উদ্যোগ গ্রহণ করা হয়। অনুষ্ঠানে উপস্থিত শিক্ষকবৃন্দ ও অভিভাবকগণ বলেন, বাংলাদেশ সেনাবাহিনীর এ ধরনের মানবিক উদ্যোগ শুধু শিক্ষার্থীদের প্রয়োজনীয় সহায়তাই প্রদান করছে না, বরং তাদের ভবিষ্যৎ গঠনের পথেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। শিক্ষা উপকরণ পেয়ে শিক্ষার্থীরা অত্যন্ত আনন্দিত ও উৎসাহিত হয়।
শুকনাছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় জনগণ এ মহতী উদ্যোগ গ্রহণের জন্য গুইমারা রিজিয়ন ও লক্ষীছড়ি জোনের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা আশা প্রকাশ করেন যে, এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং এর মাধ্যমে পাহাড়ের সুবিধাবঞ্চিত শিক্ষার্থীরা শিক্ষা অর্জনে আরও এগিয়ে যাবে।
বাংলাদেশ সেনাবাহিনী পার্বত্য চট্টগ্রামে শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন বজায় রাখার পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্যসেবা ও মানবিক সহায়তামূলক বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে সাধারণ জনগণের জীবনমান উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।