খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়িতে বর্ণিল আয়োজন বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে। ৭ নভেম্বর শনিবার সকাল সাড়ে ১০টার দিকে জেলা বিএনপি ও জেলা প্রশাসনের যৌথ উদ্যােগে একটি শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে টাউনহল প্রাঙ্গণে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়।
খাগড়াছড়ি জেলা প্রশাসনের সার্বিক ব্যবস্থাপনায় পৌর টাউন হল মিলনায়তনে আলোচনা সভা বক্তারা দিবসটির তাৎপর্য তুলে ধরে বলেন, ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস। দিনটি আমাদের জাতীয় জীবনে এক বিশেষ তাৎপর্য বহন করে। ১৯৭৫ সালের এই দিনে দেশের মানুষ, সেনাবাহিনী আর সাধারণ জনগণ এক হয়ে জাতীয় ঐক্য ও সংহতির এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছিল। বিভেদ ভুলে, সব মত-পথ ভুলে দেশকে রক্ষা করার জন্য সেদিন সবাই এক কাতারে দাঁড়িয়েছিল।
এসময়, খাগড়াছড়ি জেলা প্রশাসক মোঃ আনোয়ার সাদাত, পুলিশ সুপার মোঃ মোরতোজা আলী খাঁন, জেলা পরিষদের চেয়ারম্যান ম্রাসা থোয়াই মারমা, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম.এন আবছার, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল মালেক মিন্টু এবং জেলা পরিষদ সদস্য মোশাররফ হোসেন ও অনিমেষ চাকমা রিংকু, বিভিন্ন দপ্তরের কর্মকর্তাসহ অন্যান্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।