খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ি রিজিয়নের আওতাধীন লংগদু জোনের উদ্যোগে বিনা মূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। ১১ আগস্টমঙ্গলবার সকালে ২টি শান্তি পরিবহনের বাসযোগে বিনামূল্যে চক্ষু অপারেশনের জন্য ৮১ জন রোগীকে চট্টগ্রামে রেফার করা হয়। জোন কমান্ডার লেঃ কর্ণেল মীর মোর্শেদ, এসপিপি, পিএসসি-এর নির্দেশনায় রোগীদের চট্টগ্রাম বিনামূল্যে চক্ষু অপারেশন করা হবে।
উক্ত কার্যক্রমের আওতায় ৪১ জন মহিলা ও ৪০ জন পুরুষসহ সর্বমোট ৮১ জন চক্ষু রোগী রয়েছে। রোগীদের সার্বিক ব্যবস্থাপনা ও নিরাপদে গন্তব্যে পৌঁছানোর জন্য ল্যান্স কর্পোঃ রাকিব এবং সৈনিক আল আমিন (মেডিক্যাল এসিস্ট্যান্ট) এর নেতৃত্বে সংশ্লিষ্ট ব্যাক্তিরা দায়িত্ব পালন করবেন। লংগদু জোনের এ ধরনের মানবিক ও জনকল্যাণমূলক উদ্যোগের ফলে দুর্গম এলাকার অসহায় ও দরিদ্র রোগীরা বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও অপারেশনের সুযোগ পেয়ে অসহায় মানুষ ফিরে পাবে চোখের হারানো দৃষ্টি, দেখতে পারবে পৃথিবীর সৌন্দর্য।
পাহাড়ের দুর্গম এলাকার সুবিধাবঞ্চিত সাধারণ মানুষের দোরগোড়ায় মানসম্মত চিকিৎসাসেবা পৌঁছে দিতে কাজ করছে বাংলাদেশ সেনাবাহিনী। স্থানীয় জনগণের মধ্যে এ কার্যক্রম ইতিবাচক প্রভাব ফেলছে, লংগদু জোন এবং বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি সাধারণ জনগণের আস্থা ও সহযোগিতা আরও বৃদ্ধি পাবে।