খাগড়াছড়ি প্রতিনিধি: বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব কঠিন চীবরদান উপলক্ষে খাগড়াছড়ির মাইসছড়ি বলিপাড়া শাক্যমুনি বৌদ্ধ বিহার পরিদর্শন করেছেন সেনাবাহিনীর মহালছড়ি জোনের বিজিতলা সাব-জোন কমান্ডার। এ সময় তিনি বিহারের ধর্মীয় কার্যক্রম, উৎসবের সার্বিক পরিবেশ ও সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেন। পাশাপাশি বিহারের পাশে থাকার আশ্বাস দিয়ে আর্থিক সহায়তা ও উপহারসামগ্রী প্রদান করেন।
রোববার দুপুরে খাগড়াছড়ি জেলা সদরের বিজিতলা সাব-জোন কমান্ডার বিহারে পৌঁছে বিহারের বড় ভান্তের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। পরে বিহার পরিচালনা কমিটির সদস্যদের সঙ্গে কথা বলে বিহারের সার্বিক পরিস্থিতি, ধর্মীয় কার্যক্রম ও কঠিন চীবরদান উৎসবের আয়োজন সম্পর্কে খোঁজখবর নেন।
এ সময় বিজিতলা সাব-জোন কমান্ডার বিহার পরিচালনা কমিটিকে আশ্বস্ত করেন, ধর্মীয় প্রতিষ্ঠান ও স্থানীয় জনগণের কল্যাণে মহালছড়ি জোন সব সময় পাশে থাকবে। যেকোনো পরিস্থিতিতে বিহারের পাশে থাকার প্রতিশ্রুতিও দেন তিনি।
পরিদর্শন শেষে মহালছড়ি জোনের পক্ষ থেকে বিজিতলা সাব-জোন কমান্ডার বিহারের বড় ভান্তের হাতে আর্থিক সহায়তা ও উপহারসামগ্রী তুলে দেন।
এ ধরনের উদ্যোগ পাহাড়ের বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা, সম্প্রীতি, সৌহার্দ্য ও আস্থার বন্ধন আরও সুদৃঢ় করতে ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।