স্টাফ রিপোর্ার: খাগড়াছড়ি জেলা পরিষদের নবগঠিত পরিষদের সদস্য হিসেবে নিযুক্ত হওয়ায় দেবরানী চাকমাকে সংবর্ধনা দিয়েছে লক্ষ্মীছড়ি উপজেলা বিএনপি। বৃহস্পতিবার লক্ষ্মীছড়িতে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা পরিষদের সদস্য ও খাগড়াছড়ি জেলা বিএনপির সহ-সভাপতি দেবরানী চাকমা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লক্ষ্মীছড়ি উপজেলা বিএনপির সভাপতি ফোরকার হাওলাদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোবারক, সাংগঠনিক সম্পাদক শামসুল ইসলাম, উপজেলা বিএনপির সহ-সভাপতি ও মারমা ঐক্যপরিষদের সভাপতি অংগ্য প্রু মারমাসহ বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
অনুষ্ঠানে বক্তারা দেবরানী চাকমাকে জেলা পরিষদের সদস্য হিসেবে নিযুক্ত হওয়ায় শুভেচ্ছা ও অভিনন্দন জানান। একই সঙ্গে খাগড়াছড়ি আসনের সংসদ সদস্য ওয়াদুদ ভূঁইয়া ও প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতিও শুভেচ্ছা জানান। দেবরানীচাকমা লক্ষ্মীছড়ি উপজেলা পরিষদের প্রথম চেয়ারম্যান রবি ভূষণ চাকমার মেয়ে। লক্ষ্মীছড়ি উপজেলা পরিষদ প্রতিষ্ঠার পেছনে রবি ভূষণ চাকমার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল বলে স্থানীয়ভাবে উল্লেখ করা হয়। বাবার পদাঙ্ক অনুসরণ করে দেব রানী চাকমাও লক্ষ্মীছড়ির উন্নয়ন ও মানুষের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন—এমন প্রত্যাশা ব্যক্ত করেন অনুষ্ঠানে উপস্থিত নেতৃবৃন্দ।
এর আগে দেব রানী চাকমা দুর্গম বর্মাছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। স্থানীয় পর্যায়ে জনপ্রতিনিধি হিসেবে দায়িত্ব পালনের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে জেলা পরিষদের সদস্য হিসেবে তিনি লক্ষ্মীছড়ির উন্নয়নে আরও ব্যাপক ভূমিকা রাখবেন বলে আশা প্রকাশ করেন বক্তারা। এ সময় দেবরানী চাকমার কাছে লক্ষ্মীছড়ি উপজেলার বিভিন্ন সমস্যা ও উন্নয়ন-সংক্রান্ত দাবি তুলে ধরেন বক্তারা। বিশেষ করে উপজেলার যোগাযোগ ব্যবস্থা, শিক্ষা, স্বাস্থ্যসেবা, অবকাঠামো উন্নয়নসহ বিভিন্ন বিষয়ে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানানো হয়।
বক্তারা বলেন, দুর্গম ও পিছিয়ে পড়া লক্ষ্মীছড়ির উন্নয়নে যোগাযোগ, শিক্ষা ও স্বাস্থ্য খাতে বিশেষ গুরুত্ব দেওয়া প্রয়োজন। নতুন দায়িত্বে দেব রানী চাকমা এসব বিষয়ে কার্যকর ভূমিকা রাখবেন এবং সাধারণ মানুষের প্রত্যাশা পূরণে কাজ করবেন—এমনটাই প্রত্যাশা তাদের। সংবর্ধনা অনুষ্ঠানে উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।