:: মনওয়ার সাগর::
পাহাড়ি পথ যেন আজ একটু অন্যরকম; বড্ড আপন লাগে।
সরু আঁকাবাঁকা রাস্তা, এক পাশে গভীর খাদ,
অন্য পাশে সবুজে মোড়া পাহাড়,সবকিছু মিলিয়ে যেন এক নীরব সুর বাজছে।
সে স্টিয়ারিংয়ে, স্থির চোখে সামনে তাকিয়ে গাড়ি চালাচ্ছে। তার হাতের নরম অথচ দৃঢ় নিয়ন্ত্রণে গাড়িটা ধীরে ধীরে আঁকাবাঁকা পথে এগিয়ে যাচ্ছে।
আর আমি, তার ঠিক পেছনের সিটে বসে, জানালার পাশে হেলান দিয়ে নিসর্গকে অবগাহন করছি,কিন্তু সত্যি বলতে, প্রকৃতির চেয়েও বেশি ডুবে আছি তার মাঝেই।
গাড়ির ভেতরে এক ধরনের অদ্ভুত নীরবতা। অথচ এই নীরবতাই যেন হাজারো কথার চেয়েও বেশি গভীর। মাঝে মাঝে তার কাঁধের দিকে তাকাই,
কতটা নিশ্চিন্ত লাগে! মনে হয়, এই মানুষটির হাতেই যেন আমার সব পথের নিরাপত্তা।
বাতাসে পাহাড়ি গন্ধ,একটু কাঁচা, একটু স্যাঁতসেঁতে, তবুও অদ্ভুত মায়াময়।
চুলের ফাঁক দিয়ে বাতাস ঢুকে পড়ে, আমি চোখ বন্ধ করি। মনে হয়, এই পথ, এই মুহূর্ত,সবকিছুই শুধু আমাদের জন্যই তৈরি।
তার চুলগুলো হালকা বাতাসে একটু একটু দুলছে, মাঝে মাঝে রিয়ার ভিউ মিররে তার চোখের কোণে হাসির রেখা ধরা পড়ে। আমাদের চোখ এক মুহূর্তের জন্য মিলিত হয়।সেই এক ঝলক দৃষ্টি,আমার পুরো পৃথিবীটাকে আলোকিত করে দেয়।
কোনো কথা হয় না, কিন্তু সেই দৃষ্টিতেই যেন বলে ফেলা হয় অজস্র অনুভূতি,ভালোবাসা, ভরসা, আর এক অদ্ভুত টান, যা ভাষায় প্রকাশ করা যায় না।
মনে হয়, এই ছোট্ট গাড়িটার ভেতরেই যেন আমার সব সুখ, সব শান্তি গুটিয়ে আছে।
পাহাড়ের গা বেয়ে নামা কুয়াশা, দূরে সবুজের স্তর, আর নিঃশব্দে বয়ে যাওয়া বাতাস,সবকিছু মিলিয়ে এক স্বপ্নময় দৃশ্য। কিন্তু এই স্বপ্নের কেন্দ্রবিন্দুতে সে, তার পাশে থাকলেই যেন পথের ভয় থাকে না, অনিশ্চয়তা থাকে না,থাকে শুধু এক অদ্ভুত নিশ্চিন্ততা।
আমি চুপচাপ বসে থাকি, তবুও মনে মনে কত কথা বলি,ধন্যবাদ দিই তাকে, আমার জীবনের এই সুন্দর পথচলার জন্য। ভাবি, কত সাধারণ একটা মুহূর্ত,একটা পাহাড়ি রাস্তা, একটা গাড়ি, দু’জন মানুষ,তবুও এই মুহূর্তটাই যেন জীবনের সবচেয়ে অসাধারণ অধ্যায় হয়ে ওঠে।
হয়তো আমরা কোনো গন্তব্যের দিকে যাচ্ছি, কিন্তু আমার কাছে গন্তব্যটা ততটা গুরুত্বপূর্ণ নয়। কারণ, তার সাথে এই চলার পথটাই তো আসল সুখ।
সে সামনে, আমি পেছনে,তবুও আমাদের ভালোবাসা ঠিক মাঝখানেই, নিঃশব্দে, গভীরভাবে, অনন্ত হয়ে বয়ে চলেছে।
পাহাড়গুলো ধীরে ধীরে পেছনে পড়ে যায়, কিন্তু এই পথের প্রতিটি বাঁক, প্রতিটি মুহূর্ত যেন হৃদয়ে গেঁথে যায়। আমি ভাবি, জীবনটা যদি এমনই হতো,সে সামনে, আমি তার ছায়ার মতো পেছনে, আর চারপাশে শুধু প্রকৃতির নীরব সাক্ষ্য।
এই যাত্রা কোথায় গিয়ে শেষ হবে, জানি না। কিন্তু এই মুহূর্তটুকুই যেন চিরকাল বেঁচে থাকে,তার সাথে, এই পাহাড়ি পথে, নিসর্গ আর ভালোবাসার এক অনন্ত গল্প হয়ে।-লেখক: মনওয়ার সাগর।