খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ির পানছড়িতে উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে ‘ওয়াদুদ গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬’। উদ্বোধনী ম্যাচকে কেন্দ্র করে শুক্রবার বিকেলে পানছড়ি উপজেলা মাঠে স্থানীয় ক্রীড়াপ্রেমী ও দর্শকদের ব্যাপক উপস্থিতি দেখা যায়।
৪ সেপ্টেম্বর শুক্রবার দুপুর ৩টায় পানছড়ি উপজেলা মাঠে একতা এন্টারপ্রাইজের আয়োজনে এ টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। মো. দিদারুল আলমের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি জেলা বিএনপির সহ-সভাপতি ও পানছড়ি উপজেলা বিএনপির সভাপতি বেলাল হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পানছড়ি থানার অফিসার ইনচার্জ ফেরদৌস ওয়াহিদ।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, পানছড়ি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ আলী, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন, সাংগঠনিক সম্পাদক ইসমাইল হোসেন, সিনিয়র সহ-সভাপতি সিরাজুল ইসলাম, উপজেলা বিএনপির সহ-সভাপতি ও ওয়াদুদ গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের প্রধান আয়োজক জুলফিকার আলী, পানছড়ি উপজেলা যুবদলের আহ্বায়ক আফছার এবং পানছড়ি উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সৈয়দ ইদ্রিস আলী।
উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় লোগাং শান্তিনগর একাদশ ও উল্টাছড়ি পাইয়ং কার্বারী পাড়া একাদশ। দুই দলের খেলোয়াড়দের প্রাণবন্ত খেলায় মাঠজুড়ে তৈরি হয় উৎসবের আমেজ। আয়োজক কমিটি জানায়, এবারের ওয়াদুদ গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টে মোট ৩৮টি দল অংশগ্রহণ করছে। ধারাবাহিকভাবে টুর্নামেন্টের বাকি ম্যাচগুলো অনুষ্ঠিত হবে।
আয়োজকরা আশা প্রকাশ করেন, এ ধরনের ক্রীড়া আয়োজন এলাকার তরুণ সমাজকে খেলাধুলার প্রতি আরও উৎসাহিত করবে। পাশাপাশি তরুণদের মাদক ও বিভিন্ন সামাজিক অপরাধ থেকে দূরে রেখে একটি সুস্থ ও সুন্দর সমাজ গঠনে ভূমিকা রাখবে।