রামগড় প্রতিনিধি: জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন, সাহিত্য, সংগীত ও মানবতাবাদী চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে রামগড় উপজেলায় ‘নজরুল বর্ষ ২০২৬-২০২৭’ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যেদিয়ে শুভ উদ্বোধন করা হয়েছে। সোমবার (৩১ আগস্ট) উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী শামীম।
বিশেষ অতিথি হিসেবে থেকে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) দ্বীন আল জান্নাত, জেলা বিএনপি’র সহ-সভাপতি আহমদ ভূঁইয়া, রামগড় পৌর বিএনপির সভাপতি বাহার উদ্দিন, রামগড় উপজেলা শাখার বাংলাদেশ জামায়াতের ইসলামের সেক্রেটারি আনোয়ার হোসেন, রামগড় উপজেলা এনসিপির সমন্বয়ক হারুনুর রসিদ, এটিও হ্যাপি চাকমা, রা.বা.উ.বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী নাজমুল হুদা, রামগড় প্রেসক্লাব সভাপতি সাংবাদিক নিজাম উদ্দিন লাভলু। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন উপজেলা আইসিটি কর্মকর্তা রেহান উদ্দিন। এ ছাড়া বিভিন্ন সরকারি – বেসরকারি দপ্তরের কর্মকর্তাসহ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, রামগড় উপজেলা জাসাস প্রতিনিধি, সাংবাদিক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। আলোচনা সভায় বক্তারা জাতীয় কবি কাজী নজরুল ইসলামের বর্ণাঢ্য জীবন, সাহিত্যকর্ম, সংগীত ও মানবতাবাদী দর্শনের বিভিন্ন দিক তুলে ধরেন। তারা বলেন, নজরুল ছিলেন অন্যায়, শোষণ, বৈষম্য ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সোচ্চার এক চিরবিদ্রোহী কবি।
বক্তারা আরও বলেন, নজরুলের লেখনীতে সাম্য, মানবতা, অসাম্প্রদায়িকতা ও মানুষের মুক্তির যে চিরন্তন বার্তা রয়েছে, তা বর্তমান প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়া অত্যন্ত জরুরি। তাঁর সাহিত্য ও সৃষ্টিকর্ম যুগে যুগে মানুষকে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ এবং সাম্য ও মানবিকতার পথে এগিয়ে যাওয়ার প্রেরণা জোগাবে। নতুন প্রজন্মকে জাতীয় কবির সাহিত্য, সংগীত ও দর্শনের সঙ্গে পরিচিত করতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও মত দেন বক্তারা। অনুষ্ঠান জুড়ে উপজেলা শিল্পকলা ও রংতুলি একাডেমি’র শিশু শিল্পীদের প্রাণবন্ত পরিবেশনা উপস্থিত অতিথি ও দর্শকদের মুগ্ধ করে।