লক্ষ্মীছড়িতে অবৈধভাবে পাচারকালে সেনাবাহিনীর অভিযানে ১৬ লক্ষাধিক টাকার কাঠ-বাঁশ আটক

শেয়ার করুন

স্টাফ রিপোর্টার: বন উজার করে নদীপথে অবৈধভাবে পাচারের সময় খাগড়াছড়ির লক্ষীছড়ি উপজেলার বাইন্যাছোলা এলাকায় অভিযান চালিয়ে প্রায় ১৬ লক্ষাধিক টাকার গোল কাঠ ও বাঁশ জব্দ করেছে সেনাবাহিনী।

বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ২২ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি লক্ষীছড়ি জোনের তত্ত্বাবধানে বাইন্যাছড়া আর্মি ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন শাকিলের নেতৃত্বে সেনা সদস্যরা ধুরুং খালে অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় পাচারের উদ্দেশ্যে মজুত করা বিভিন্ন প্রজাতির ২৫০ পিস গোল কাঠ ও ৪০০টি বাঁশ জব্দ করে।

জব্দকৃত কাঠ ও বাঁশের বাজার মূল্য প্রায় ১৬ লক্ষাধিক টাকা। জব্দকৃত কাঠ ও বাঁশ চট্টগ্রাম উত্তর বন বিভাগের সংশ্লিষ্ট ফরেস্টারের কাছে হস্তান্তর করা হয়েছে। অবৈধভাবে সবুজ পাহাড়ের প্রাকৃতিক সম্পদ কাঠ ও বাঁশ পাচার রোধে এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানায় সেনাবাহিনী।