সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে খাগড়াছড়ি জেলা বিএনপির মিলাদ ও দোয়া মাহফিল 

শেয়ার করুন

খাগড়াছড়ি প্রতিনিধি: দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে খাগড়াছড়ি জেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকেলে খাগড়াছড়ি জেলা বিএনপির কার্যালয়ে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় বিএনপির কর্মসংস্থান বিষয়ক সহ-সম্পাদক ওয়াদুদ ভূইয়া এমপি। অনুষ্ঠানে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। এ সময় মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়। দোয়া ও মুনাজাত পরিচালনা করেন ইসলামপুর দারুল উলুম মাদ্রাসার মোহতামেম মুফতি মো. ইউসুফ।

মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠানে, খাগড়াছড়ি জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি প্রবীন চন্দ্র চাকমা, সাধারণ সম্পাদক এম এন আবছার, সাংগঠনিক সম্পাদক আব্দুল রব রাজা, যুগ্ম-সম্পাদক অ্যাড. আব্দুল মালেক মিন্টু, মোশাররফ হোসেন, অনিমেষ চাকমা রিংকু, জেলা যুব দলের সভাপতি মাহবুবুল আলম সবুজ সহ জেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

এতে বক্তারা মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন ও অবদানের কথা স্মৃতি চারণ করে বলেন, দেশের গণতন্ত্র, উন্নয়ন ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় বেগম খালেদা জিয়ার অবদান জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। বক্তারা তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে মহান আল্লাহর কাছে বিশেষ দোয়া করেন।