রামগড়ে ঐতিহাসিক মহামুনি বৌদ্ধ বিহার পরিদর্শন করলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী

শেয়ার করুন

রতন বৈষ্ণব ত্রিপুরা, ​রামগড়: খাগড়াছড়ির রামগড় উপজেলায় অবস্থিত প্রাচীনতম ঐতিহাসিক মহামুনি বৌদ্ধ বিহার পরিদর্শন করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী সাচিংপ্রু জেরী,এমপি ।

২৮ নভেম্বর শনিবার সন্ধ্যা ৬ টায় তিনি বিহার প্রাঙ্গণে পৌঁছালে রামগড় উপজেলা প্রশাসন, রামগড় উপজেলা ও পৌর বিএনপি পরিবার, বিহারের অধ্যক্ষ, পরিচালনা পর্ষদ, ভিক্ষু সংঘ এবং স্থানীয় বৌদ্ধ ধর্মাবলম্বীরা প্রধান অতিথি ও বিশেষ অতিথিদের ফুলেল শুভেচ্ছা জানান।

​পরিদর্শনকালে মন্ত্রী বিহারের মূল উপাসনালয় ঘুরে দেখেন এবং বৌদ্ধ ভিক্ষু ও পরিচালনা কমিটির সদস্যদের সাথে প্রার্থনা শেষে মতবিনিময় করেন। এ সময় বিহারের সার্বিক অবকাঠামোগত উন্নয়ন, সংস্কার এবং ধর্মীয় ও সামাজিক কার্যক্রমের খোঁজখবর নেন তিনি।

​মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, পার্বত্য চট্টগ্রামে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে সরকার বদ্ধপরিকর। প্রতিটি ধর্মের মানুষ যাতে স্বাধীনভাবে এবং নিরাপদে তাদের ধর্মীয় আচার-অনুষ্ঠান পালন করতে পারে, সেজন্য পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় কাজ করে যাচ্ছে। তিনি মহামুনি বৌদ্ধ বিহারের অবকাঠামোগত উন্নয়নে মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন। পরে ঢাকার উদ্দেশ্য রামগড় ত্যাগ করেন।

​পরিদর্শনকালে মন্ত্রীর সাথে খাগড়াছড়ি ২৯৮ আসনের সাংসদ ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ওয়াদুদ ভূইয়া,এমপি, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ম্রাসাথোয়াই মারমা, রামগড় উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলারা আকতার, উপজেলা ও পৌর বিএনপি পরিবারের নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।