রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি: খাগড়াছড়ির রামগড়ে বিয়ের দাওয়াতে যোগদান করতে এসে নিষিদ্ধ ঘোষিত যুবলীগের তিন নেতা গ্রেপ্তার হয়েছেন।
১ মে শুক্রবার ভোর ৪টায় রামগড় পৌরসভার বল্টুরামটিলা ও মুসলিমপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন, রামগড় ১ নং পৌর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক মো. সেলিম (৩৪), সাংগঠনিক সম্পাদক মো. হোসেন আলী (৩১) এবং সদস্য মো. মানিক ওরফে আব্দুল মালেক(২৭)।
জানাগেছে, বল্টুরামটিলা এলাকায় এক যুবলীগ নেতার মেয়ের বিয়ের দাওয়াতে গোপনে এসেছিলেন ওই তিন নেতা। বৃহ:বার রাতে কনের গায়ে হলুদের অনুষ্ঠানে যোগদান শেষে তারা নিজ নিজ বাড়িতে রাত্রিযাপন করছিলেন। শুক্রবার দুপুরে বিয়ের মূল অনুষ্ঠান অংশগ্রহনের কথা থাকলেও গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ভোরেই অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।
রামগড় থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ নাজির আলম বলেন, তাদের প্রত্যেকের বিরুদ্ধে ৫ (পাঁচ)টি করে ওয়ারেন্ট রয়েছে। আসামি গুলো দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। গ্রেপ্তারের পর তাদেরকে বিধি মোতাবেক আদালতে পাঠানো হয়েছে।