প্রতিনিধি,মানিকছড়ি (খাগড়াছড়ি): খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় সুপন চাকমা (৩৫) নামের এক এনজিও কর্মকর্তা নিহত হয়েছেন।
মঙ্গলবার দুপুরে সময় উপজেলার গচ্ছাবিলের রেজুর দোকান এলাকার একটি গ্রামীণ সরু পথে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হাঁরিয়ে খাদে পড়ে গেলে এই দুর্ঘটনা ঘটে।নিহত সুপন চাকমা খাগড়াছড়ি পার্বত্য জেলার পানছড়ি উপজেলার বাসিন্দা। তিনি বেসরকারি উন্নয়ন সংস্থা ‘পদক্ষেপ এনজিও’র মানিকছড়ি শাখায় ফিল্ড কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পেশাগত দায়িত্ব পালনকালে গচ্ছাবিলের রেজুর দোকান সংলগ্ন গ্রামীণ সড়ক দিয়ে যাওয়ার সময় সুপন চাকমার মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারায়। এসময় তিনি ছিটকে সড়কের পাশের গভীর খাদে পড়ে যান এবং ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মানিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মাসুদ পারভেজ বলেন, “খবর পেয়ে মানিকছড়ি থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। এ বিষয়ে পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। আইনি আনুষ্ঠানিকতা শেষে নিহতের মরদেহ তাঁর পরিবারের কাছে হস্তান্তর করা হবে।