পাহাড়ে সেনাবাহিনীর মানবিক ছায়া: বিনামূল্যে চক্ষু অপারেশনের সুযোগ পাচ্ছেন ৮১ রোগী

শেয়ার করুন

মো.আকতার হোসেন বিশেষ প্রতিনিধি :

পার্বত্য অঞ্চলের দুর্গম এলাকার অসহায় ও দরিদ্র মানুষদের চোখের আলো ফেরাতে আবারও মানবিক দৃষ্টান্ত স্থাপন করল বাংলাদেশ সেনাবাহিনী। রাঙামাটি পার্বত্য জেলার লংগদু জোনের উদ্যোগে এবং জোন কমান্ডার লেঃ কর্নেল মীর মোর্শেদ, এসপিপি, পিএসসি-এর নির্দেশনায় বিনামূল্যে চক্ষু অপারেশনের উদ্দেশ্যে ৮১ জন রোগীকে চট্টগ্রামে পাঠানো হয়েছে।

মঙ্গলবার (১১ আগস্ট) আনুমানিক সকাল ০৭:২০ ঘটিকায় লংগদু জোন থেকে রোগীদের নিয়ে দু’টি শান্তি পরিবহনের বাস চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা হয়।

লংগদু জোন সূত্র জানায়, এই বিশেষ মানবিক কার্যক্রমের আওতায় এলাকার ৪১ জন মহিলা ও ৪০ জন পুরুষসহ সর্বমোট ৮১ জন চক্ষু রোগীকে উন্নত চিকিৎসা ও অপারেশনের জন্য চট্টগ্রামে পাঠানো হয়েছে। রোগীদের যাতায়াত, সার্বিক ব্যবস্থাপনা ও নিরাপত্ত নিশ্চিত করতে সেনাবাহিনীর ল্যান্স কর্পোরাল রাকিব এবং মেডিক্যাল অ্যাসিস্ট্যান্ট সৈনিক আল আমিনের নেতৃত্বে একটি দায়িত্বপ্রাপ্ত দল কাজ করছে।

স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, পাহাড়ি দুর্গম এলাকার দরিদ্র পরিবারগুলোর পক্ষে অর্থের অভাবে চোখের চিকিৎসা করানো যেখানে প্রায় অসম্ভব ছিল, সেখানে সেনাবাহিনীর এই উদ্যোগ তাদের মনে নতুন আশার আলো জ্বালিয়েছে।

লংগদু জোনের এই ধরনের জনকল্যাণমূলক কাজের ভূয়সী প্রশংসা করে স্থানীয় সচেতন মহল জানান, বাংলাদেশ সেনাবাহিনীর এই আন্তরিক প্রচেষ্টা পার্বত্য অঞ্চলে পাহাড়ি-বাঙালি সম্প্রীতি রক্ষা এবং সাধারণ জনগণের মাঝে আস্থা ও সহযোগিতার সম্পর্ককে আরও সুদৃঢ় করবে।