সেপ্টেম্বরের সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় পানছড়ি ৩ বিজিবিতে সমন্বয় সভা

শেয়ার করুন
খাগড়াছড়ি প্রতিনিধি: সেপ্টেম্বর মাসে পাহাড়ি এলাকায় সম্ভাব্য প্রাকৃতিক দুর্যোগ, আইনশৃঙ্খলা পরিস্থিতি ও নিরাপত্তা ঝুঁকি মোকাবিলায় পানছড়ি ব্যাটালিয়ন ৩ বিজিবির উদ্যোগে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
২৩ সেপ্টেম্বর রবিবার সকাল সাড়ে ১০টায় পানছড়ি ৩ বিজিবির কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় আইনশৃঙ্খলা পরিস্থিতি, সীমান্ত নিরাপত্তা, প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের প্রস্তুতি ও করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
৩ বিজিবি জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ রবিউল ইসলাম, পিপিএমের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন ৩ বিজিবির সহকারী পরিচালক মো. আব্দুল মতিন, সহকারী পরিচালক মো. শাহ আলম, পানছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) ফেরদৌস ওয়াহিদ, আনসার-ভিডিপির প্রশিক্ষক সুলতানা আক্তার, ফায়ার ব্রিগেডের স্টেশন কমান্ডার লিটন, পানছড়ি প্রেসক্লাবের সভাপতি মো. মনিরুল ইসলাম মাহিম, সাধারণ সম্পাদক সৈয়দ এম এ বাসারসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা।
সভাপতির বক্তব্যে লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ রবিউল ইসলাম বলেন, “সেপ্টেম্বরে পাহাড়ে প্রাকৃতিক দুর্যোগ ও নিরাপত্তা ঝুঁকির আশঙ্কা থাকে। সকল সংস্থার সমন্বিত প্রচেষ্টা ও তথ্য আদান-প্রদানের মাধ্যমে যেকোনো পরিস্থিতি দ্রুত মোকাবিলা করতে হবে। বিজিবি সর্বদা জনগণের নিরাপত্তায় প্রস্তুত রয়েছে।”
সভায় অংশগ্রহণকারী বিভিন্ন দপ্তরের প্রতিনিধিরা নিজ নিজ প্রতিষ্ঠানের প্রস্তুতি, সম্ভাব্য চ্যালেঞ্জ ও করণীয় তুলে ধরেন। বিশেষ করে জরুরি পরিস্থিতিতে দ্রুত তথ্য আদান-প্রদান, পারস্পরিক সহযোগিতা এবং সমন্বিতভাবে উদ্ধার ও নিরাপত্তা কার্যক্রম পরিচালনার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়।
এছাড়া জনসচেতনতা বৃদ্ধি, সঠিক তথ্য প্রচার এবং গুজব প্রতিরোধে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকার বিষয়েও আলোচনা করা হয়।
সভা শেষে ৩ বিজিবি জোনের পক্ষ থেকে সম্ভাব্য যেকোনো পরিস্থিতিতে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়ের মাধ্যমে পানছড়ি এলাকার শান্তি-শৃঙ্খলা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সব দপ্তরের প্রতি আহ্বান জানানো হয়।