রতন বৈষ্ণব ত্রিপুরা, রামগড়: খাগড়াছড়ির রামগড় সীমান্তে অভিযান চালিয়ে ১০৪.৪১ ঘনফুট বিভিন্ন প্রজাতির অবৈধ কাঠ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৪৩ বিজিবি)। জব্দ করা এসব কাঠের আনুমানিক সিজার মূল্য ৩ লাখ ৬৫ হাজার ৪৩৫ টাকা।
শুক্রবার (৬ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে রামগড় ব্যাটালিয়নের (৪৩ বিজিবি) অধীনস্থ লাচারীপাড়া বিওপির একটি বিশেষ টহলদল উপজেলার লাচারীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকায় এ অভিযান পরিচালনা করে। বিজিবি কর্তৃপক্ষ জানিয়েছে, সীমান্ত এলাকায় চোরাচালান ও অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করা হচ্ছে।
এরই অংশ হিসেবে সীমান্তে নিরাপত্তা জোরদার, নিয়মিত টহল এবং গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। সীমান্ত সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি চোরাচালান ও মাদক দমন এবং এর ক্ষতিকর প্রভাব সম্পর্কে স্থানীয় জনসাধারণকে সচেতন করতে বিজিবি সর্বদা তৎপর রয়েছে।