খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ি’র মানিকছড়িতে খাল খনন কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন,২৯৮ নং সংসদীয় আসনের সংসদ সদস্য ওয়াদুদ ভূঁইয়া। খালের মরা অংশে পানির প্রবাহ সৃষ্টি করে মাছের অবাধ বিচরণ নিশ্চিতে নানামুখী উদ্যোগের অংশ হিসেবে প্রধানমন্ত্রীর খাল খনন কর্মসূচীতে হালদাকে অন্তর্ভুক্ত করে খনন কার্যক্রম শুরু করা হয়েছে। মঙ্গলবার বিকেলে হালদার মানিকছড়ি অংশে খনন কাজ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়।
দক্ষিণ এশিয়ার একমাত্র দেশীয় রুই প্রজাতির মাছের প্রাকৃতিক প্রজনন ক্ষেত্র হালদা নদী। গেল বছর সরকারি ভাবে এ নদীকে মৎস্য হেরিটেজ ঘোষণার পর সরকারের বিশেষ নজরে এসেছে। সরকারের অতিদরিদ্রের কর্মসংস্থান শীর্ষক ৪৩ দিনের কর্মসূচির আওতায় কোটি টাকা ব্যয়ে ৫ কিলোমিটার জুড়ে পুনঃখনন কাজ চলমান। এতে স্থানীয় ৪ শ ৭৬ জন উপকারভোগীর কর্মসংস্থান হয়েছে।
প্রকল্প সংশ্লিষ্টরা জানান, জেলার রামগড়ের পাতাছড়া ইউনিয়নের হাসুক পাড়া থেকে উৎপত্তি হওয়া হালদা নদীর বিভিন্ন অংশে পাহাড়ী ঢলে জমা পলিতে স্বাভাবিক গতি বাধাগ্রস্ত। পুনঃখনন কাজ শেষ হলে মৎস্য উৎপাদন বৃদ্ধির পাশাপাশি নদীর গতিপথ স্বাভাবিক হবে।
প্রসঙ্গত, হালদার উজানে মানিকছড়ি উপজেলা অংশে অন্তত ১০/১২ কিলো মিটার খাল পাহাড়ি মাটিতে ভরাট হয়ে অস্তিত্ব বিলীন ও মৎস্য প্রজননে চরম হুমকিতে পড়ে (মৎস্য হেরিটেজ) খনন প্রক্রিয়ার ফলে হালদায় ফিরবে প্রাণ।