স্টাফ রিপোর্টার: পার্বত্য চট্টগ্রামের প্রত্যন্ত ও দুর্গম বার্মাছড়ি এলাকায় এক অসচ্ছল পাহাড়ি পরিবারকে স্বাবলম্বি করতে মুদি দোকান উপহার দিলেন বাংলাদেশ সেনাবাহিনী।
পার্বত্য চট্টগ্রামের দুর্গম ও প্রত্যন্ত অঞ্চলের জনগণের আর্থ-সামাজিক উন্নয়ন, জীবনমানের অগ্রগতি এবং টেকসই জীবিকার সুযোগ সৃষ্টির লক্ষ্যে লক্ষীছড়ি উপজেলার প্রত্যন্ত ও দুর্গম বার্মাছড়ি এলাকায় মানবিক সহায়তার অংশ হিসেবে কালাই চাকমা নামে এক অসচ্ছল পাহাড়ি পরিবারের জন্য একটি মুদির দোকান নির্মাণ ও ব্যবসা পরিচালনার প্রয়োজনীয় উপকরণ প্রদান করলেন রিজিয়ন কমান্ডার, গুইমারা রিজিয়ন। লক্ষীছড়ি জোনের আওতাধীন বার্মাছড়ি আর্মি ক্যাম্পের নিরাপত্তা বাহিনীর সদস্যদের আন্তরিক প্রচেষ্টা, নিষ্ঠা ও কঠোর পরিশ্রমের মাধ্যমে দোকানটির নির্মাণকাজ সম্পন্ন করা হয়। দোকানের অবকাঠামো নির্মাণে প্রয়োজনীয় বাঁশ, কাঠ, টিনসহ অন্যান্য নির্মাণসামগ্রী সরবরাহের পাশাপাশি ব্যবসা পরিচালনার জন্য প্রয়োজনীয় নিত্যপ্রয়োজনীয় পণ্যসামগ্রী সংগ্রহ ও মজুদ করা হয়।
এই উদ্যোগের ফলে প্রত্যন্ত বার্মাছড়ি এলাকার স্থানীয় জনগণ তাদের দৈনন্দিন নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রী নিজ এলাকায় সহজলভ্যভাবে সংগ্রহের সুযোগ লাভ করেছেন। একই সঙ্গে কালাই চাকমার জন্য একটি স্থায়ী আয়ের উৎস সৃষ্টি হওয়ায় তার পরিবার অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার পথে এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছে। এ মানবিক সহায়তা শুধু একটি পরিবারের জীবনমান উন্নয়নের ক্ষেত্রেই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে না, বরং স্থানীয় জনগণের সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নেও ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশা করা হচ্ছে।
স্থানীয় পাহাড়ি জনগোষ্ঠী বাংলাদেশ সেনাবাহিনীর এ ধরনের মহতী উদ্যোগ গ্রহণের জন্য গুইমারা রিজিয়ন ও লক্ষীছড়ি জোনের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ভূয়সী প্রশংসা জ্ঞাপন করেন।