লক্ষ্মীছড়িতে “এক টাকায় বাজার” ও বিনামূল্যে চিকিৎসাসেবা এবং ওষধ বিতরণ

শেয়ার করুন
স্টাফ রিপোর্টার: দুর্গম পাহাড়ি অঞ্চলের নিম্নআয়ের ও অসহায় মানুষের সহায়তায় যৌথ মানবিক কর্মসূচি পালন করেছে বাংলাদেশ সেনাবাহিনীর ৩২ ফিল্ড রেজিমেন্ট ও বিদ্যানন্দ ফাউন্ডেশন। এর অংশ হিসেবে খাগড়াছড়ির লক্ষীছড়ি উপজেলায় আয়োজন করা হয় “এক টাকায় বাজার” কার্যক্রম এবং বিনামূল্যে চিকিৎসাসেবা ক্যাম্প। এতে সুবিধা পেয়েছেন কয়েকশ মানুষ।
আয়োজক সূত্রে জানা গেছে, কর্মসূচির আওতায় প্রায় ৫০০ পরিবার প্রতীকী মূল্য এক টাকার বিনিময়ে নিত্যপ্রয়োজনীয় বিভিন্ন পণ্য সংগ্রহের সুযোগ পায়। প্রতিটি পরিবারকে প্রায় ৬০০ থেকে ৭০০ টাকা মূল্যের খাদ্য ও প্রয়োজনীয় সামগ্রী দেওয়া হয়। সহায়তা গ্রহণে উপকারভোগীদের আত্মমর্যাদা বজায় রাখার উদ্দেশ্যে প্রতীকী মূল্য নির্ধারণ করা হয়েছে বলে আয়োজকরা জানান।
“এক টাকায় বাজার” কার্যক্রমে উপকারভোগীরা চাল, ডাল, তেল, আটা, ডিমসহ মোট ১৭ ধরনের পণ্য ও শিক্ষা উপকরণ নিজেদের প্রয়োজন অনুযায়ী নির্বাচন করে গ্রহণ করেন। পাশাপাশি আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্পে পাঁচ শতাধিক মানুষ চিকিৎসাসেবা গ্রহণ করেন। মেডিসিন, শিশু, চক্ষু ও গাইনি বিভাগসহ বিভিন্ন বিষয়ে অভিজ্ঞ ছয়জন চিকিৎসক দিনব্যাপী চিকিৎসাসেবা প্রদান করেন। এছাড়া রোগীদের মাঝে প্রয়োজন অনুযায়ী বিনামূল্যে ওষুধ ও চশমা বিতরণ করা হয়।
আয়োজকরা জানান, পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন, স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ এবং মানবিক সহায়তা মর্যাদার সঙ্গে পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এ ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও দেশের বিভিন্ন প্রত্যন্ত এলাকায় এ ধরনের কার্যক্রম চালিয়ে যাওয়ার পরিকল্পনার কথাও জানান তারা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,লক্ষ্মীছড়ি জোন কমান্ডার  লেফটেন্যান্ট কর্নেল মো: তাজুল ইসলাম, লক্ষীছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কাউছার হামিদ, বিদ্যানন্দ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মো. জামাল উদ্দিনসহ সামরিক ও বেসামরিক প্রশাসনের কর্মকর্তা এবং গণমাধ্যমকর্মীরা।