খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক, খাগড়াছড়ি: পাহাড়ের সবুজে ঘেরা শিক্ষাঙ্গন। শ্রেণিকক্ষে বই-খাতা নিয়ে পাঠদানের চিরচেনা দৃশ্য। তবে সময়ের সঙ্গে বদলে যাচ্ছে সেই চিত্র। প্রযুক্তির দ্রুত অগ্রযাত্রার সঙ্গে তাল মিলিয়ে খাগড়াছড়ি সরকারি মহিলা কলেজে শুরু হয়েছে শিক্ষাব্যবস্থাকে আরও আধুনিক, স্মার্ট ও কার্যকর করার নতুন এক উদ্যোগ। ‘নারী শিক্ষা উন্নত জাতি, এই প্রত্যয় আমাদের অগ্রযাত্রার শক্তি’—এই প্রত্যয়কে সামনে রেখে কলেজটিতে চালু করা হয়েছে দুটি ডিজিটাল প্ল্যাটফর্ম—‘KGWC Class Manager’ এবং ‘Student C Studio’। একটি শ্রেণিকক্ষ ব্যবস্থাপনাকে নিয়ে যাচ্ছে ডিজিটাল কাঠামোয়, অন্যটি উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থীদের কাছে তুলনামূলক কঠিন C Programming-কে করছে অনুশীলনভিত্তিক ও সহজবোধ্য। মঙ্গলবার সকালে কলেজ প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে প্ল্যাটফর্ম দুটির উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলার জেলা প্রশাসক মো. আনোয়ার সাদাত। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুল ইসলাম। সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ পুলক বরন চাকমা। কলেজের হিসাববিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মো. জহিরুল ইসলামের উদ্ভাবনী চিন্তা, প্রযুক্তিগত দক্ষতা ও নিরলস প্রচেষ্টায় তৈরি হয়েছে প্ল্যাটফর্ম দুটি।
শ্রেণিকক্ষ এবার হাতের মুঠোয়
একজন শিক্ষকের কর্মদিবস শুরু হয় নানা প্রস্তুতি দিয়ে। কখন কোন ক্লাস, কোন বিষয়ে পাঠদান, আগের ক্লাসে কী পড়ানো হয়েছে, কারা উপস্থিত ছিল—এসব তথ্যের সমন্বয় করতে অনেক সময় প্রয়োজন হয় একাধিক খাতা, রুটিন কিংবা নথি দেখার।
KGWC Class Manager সেই জটিলতাকেই সহজ করার উদ্যোগ।
শিক্ষক, শিক্ষার্থী ও অধ্যক্ষের প্রয়োজনকে সমন্বয় করে তৈরি এই প্ল্যাটফর্মে Routine, Class Work, Topic, Attendance, Notice, Communication ও Academic Monitoring—শ্রেণি কার্যক্রমের গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে একই ডিজিটাল ব্যবস্থার আওতায় আনার চেষ্টা করা হয়েছে।
একজন শিক্ষক সহজেই তাঁর ক্লাস রুটিন, বিষয়, পাঠদানের তথ্য, উপস্থিতি ও প্রয়োজনীয় নোটিশ দেখতে পারবেন। শিক্ষার্থীরাও এক জায়গা থেকেই জানতে পারবে ক্লাসের সময়সূচি, বিষয়, পড়ানো পাঠ, নির্দেশনা এবং কলেজের গুরুত্বপূর্ণ তথ্য।
শুধু তাই নয়, কোনো শিক্ষার্থী কোনো ক্লাসে অনুপস্থিত থাকলে পরবর্তী সময়ে আগের ক্লাসে কী পড়ানো হয়েছে, সেটিও জানা যাবে। ফলে একটি ক্লাস মিস করলেই পাঠের ধারাবাহিকতা থেকে পিছিয়ে পড়ার আশঙ্কা কমবে।
অন্যদিকে অধ্যক্ষ শ্রেণি কার্যক্রম, শিক্ষক-শিক্ষার্থীর উপস্থিতি এবং একাডেমিক অগ্রগতির বিভিন্ন তথ্য সহজে পর্যবেক্ষণ করতে পারবেন। অর্থাৎ, Principal, Teacher ও Student—তিন পক্ষকে একই ডিজিটাল প্ল্যাটফর্মে যুক্ত করাই KGWC Class Manager-এর অন্যতম প্রধান লক্ষ্য।
শুধু অ্যাপ নয়, শিক্ষাব্যবস্থায় নতুন সংস্কৃতি
ডিজিটাল প্ল্যাটফর্মটির গুরুত্ব শুধু রুটিন দেখার মধ্যে সীমাবদ্ধ নয়। এর মাধ্যমে তথ্যের সহজ প্রবাহ তৈরি হওয়ায় শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকের মধ্যে যোগাযোগও আরও কার্যকর হওয়ার সুযোগ তৈরি হচ্ছে।
একজন শিক্ষার্থী কোথায় আছে, কোন ক্লাস হয়েছে, কী পড়ানো হয়েছে কিংবা তার উপস্থিতির অবস্থা কেমন—এসব তথ্য সহজে জানা গেলে অভিভাবকের পক্ষেও সন্তানের পড়াশোনার অগ্রগতি সম্পর্কে সচেতন থাকা সহজ হবে।
ফলে একটি অ্যাপ ধীরে ধীরে হয়ে উঠতে পারে শিক্ষা ব্যবস্থাপনার একটি সমন্বিত ডিজিটাল কেন্দ্র।
C Programming-এর ভয় কাটাতে ‘Student C Studio’
দ্বিতীয় প্ল্যাটফর্ম ‘Student C Studio’ সরাসরি শিক্ষার্থীদের শেখার অভিজ্ঞতার সঙ্গে যুক্ত
উচ্চ মাধ্যমিক পর্যায়ে ICT বিষয়ের C Programming অনেক শিক্ষার্থীর কাছেই কঠিন মনে হয়। Programming-এর Logic, Syntax, Code লেখা এবং Error সংশোধনের পর্যাপ্ত অনুশীলনের সুযোগ না থাকায় অনেকের মধ্যেই তৈরি হয় ভীতি ও আত্মবিশ্বাসের ঘাটতি।
এই বাস্তবতাকে সামনে রেখেই তৈরি করা হয়েছে Student C Studio—একটি C Programming Learning & Practice Environment। এখানে শিক্ষার্থীরা নিজেরাই Code লিখতে, সেটি Run করতে এবং ভুল হলে তার কারণ ও সংশোধনের নির্দেশনা পাওয়ার সুযোগ পাবে। ফলে শুধু বইয়ে Program পড়া নয়, বরং নিজে Code লিখে, ভুল করে এবং সংশোধন করে শেখার সুযোগ তৈরি হবে।
বাংলা ভাষায় ভুলের কারণ ও সংশোধনের নির্দেশনা পাওয়ার সুযোগ শিক্ষার্থীদের জন্য Programming শেখাকে আরও সহজ ও বোধগম্য করে তুলতে পারে। বোর্ড পরীক্ষাভিত্তিক Program-এর পাশাপাশি নিয়মিত অনুশীলনের সুযোগ থাকায় শিক্ষার্থীরা ধাপে ধাপে Programming Logic, Coding Skill ও Problem Solving-এর দক্ষতা অর্জনের সুযোগ পাবে।
বইয়ের গণ্ডি পেরিয়ে সৃজনশীলতার পথে
প্রযুক্তি এখন শুধু তথ্য পাওয়ার মাধ্যম নয়; এটি নিজেকে প্রকাশ করারও শক্তিশালী মাধ্যম
Student C Studio-এর মাধ্যমে শিক্ষার্থীদের প্রযুক্তির ব্যবহারকারী হওয়ার পাশাপাশি প্রযুক্তির মাধ্যমে শেখা ও সমস্যা সমাধানের সুযোগ তৈরি হচ্ছে। এতে তাদের আত্মবিশ্বাস, যুক্তিবোধ, সৃজনশীলতা ও প্রযুক্তিগত দক্ষতা বাড়বে বলে মনে করছেন কলেজ সংশ্লিষ্টরা। বর্তমান বিশ্বে শিক্ষা আর কেবল বই, খাতা ও শ্রেণিকক্ষের চার দেয়ালে সীমাবদ্ধ নয়। উচ্চশিক্ষা থেকে কর্মক্ষেত্র—প্রায় প্রতিটি জায়গাতেই প্রযুক্তিগত দক্ষতা অপরিহার্য হয়ে উঠেছে। ফলে শিক্ষাজীবন থেকেই প্রযুক্তির সঙ্গে বাস্তবভিত্তিক সম্পৃক্ততা তৈরি করা সময়ের দাবি।
শিক্ষার্থী-শিক্ষক-অভিভাবকের সেতুবন্ধন
খাগড়াছড়ি সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ পুলক বরন চাকমা বলেন, “এই অ্যাপের মূল উদ্দেশ্য হলো ছাত্র, শিক্ষক ও অভিভাবকের মধ্যে কার্যকর যোগাযোগ ও সমন্বয় নিশ্চিত করা। অ্যাপের মাধ্যমে শিক্ষার্থীর উপস্থিতি, ক্লাস রুটিন ও পড়ানো বিষয় সহজেই জানা যাবে। কোনো শিক্ষার্থী অনুপস্থিত থাকলে আগের ক্লাসের বিষয় দেখে তা রিকভার করার সুযোগও থাকবে। ফলে তিন পক্ষের সমন্বয়ে শিক্ষার গুণগত মান আরও উন্নত ও কার্যকর হবে। তাঁর মতে, শিক্ষার্থীর ভালো ফলাফল শুধু শিক্ষক ও শিক্ষার্থীর সম্পর্কের ওপর নির্ভর করে না; অভিভাবকের সচেতনতা ও সম্পৃক্ততাও গুরুত্বপূর্ণ। প্রযুক্তির মাধ্যমে এই তিন পক্ষকে একই ব্যবস্থার আওতায় আনা গেলে শিক্ষার্থীর অগ্রগতি পর্যবেক্ষণ ও প্রয়োজনীয় সহযোগিতা দেওয়া আরও সহজ হবে। ‘প্রযুক্তির মাধ্যমে শেখার সুযোগ তৈরি হয়েছে’ কলেজের শিক্ষার্থীরাও উদ্যোগটিকে ইতিবাচকভাবে দেখছে।
এক শিক্ষার্থী বলেন, “আগে আমরা অনেক কিছু বই পড়ে বা শিক্ষকের কাছ থেকে শুনে শিখতাম। এখন ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে বিষয়গুলো আরও সহজে বোঝার এবং প্রযুক্তির মাধ্যমে শেখার সুযোগ তৈরি হয়েছে। বিষয়টি আমাদের কাছে খুবই আনন্দের।” আরেক শিক্ষার্থী বলেন, “বর্তমান সময়ে প্রায় সব ক্ষেত্রেই প্রযুক্তির ব্যবহার রয়েছে। তাই পড়াশোনার পাশাপাশি প্রযুক্তি ব্যবহারে দক্ষ হওয়াটাও জরুরি। কলেজের এই উদ্যোগ আমাদের সেই সুযোগ তৈরি করে দিচ্ছে।”
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মো. আনোয়ার সাদাত কলেজের এ উদ্যোগের প্রশংসা করেন। তিনি বলেন, প্রযুক্তিনির্ভর শিক্ষার গুরুত্ব অনেক। এই অ্যাপের মাধ্যমে শিক্ষার্থীরা ব্যাপকভাবে উপকৃত হবে।
তিনি আরও বলেন, “এর পেছনে অনেকের অবদান থাকলেও মূল চালিকাশক্তি হলেন দক্ষ, সজ্জন, উদ্ভাবনী ও সুচিন্তার অধিকারী অধ্যক্ষ মহোদয়। তিনি শুধু পরিকল্পনা করছেন না, তাঁর দক্ষ শিক্ষকমণ্ডলী ও স্টাফদের নিয়ে তা বাস্তবায়নও করছেন। তাঁর নেতৃত্বে একের পর এক কার্যকর উদ্যোগের ফল আমরা দেখতে পাচ্ছি। এই অ্যাপও শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মধ্যে যোগাযোগ বাড়িয়ে শিক্ষার গুণগত মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
পাহাড়ের নারী শিক্ষায় প্রযুক্তির নতুন জানালা
খাগড়াছড়ি সরকারি মহিলা কলেজের এই উদ্যোগকে শুধু দুটি ডিজিটাল প্ল্যাটফর্মের উদ্বোধন হিসেবে দেখলে এর গুরুত্ব অনেকটাই কমে যায়। এর সঙ্গে যুক্ত রয়েছে পাহাড়ের নারী শিক্ষার্থীদের ভবিষ্যৎ প্রযুক্তিনির্ভর বিশ্বের জন্য প্রস্তুত করার একটি বৃহত্তর প্রত্যাশা। একদিকে KGWC Class Manager শ্রেণিকক্ষ ব্যবস্থাপনাকে আরও সহজ, সুশৃঙ্খল ও তথ্যনির্ভর করার পথ তৈরি করছে। অন্যদিকে Student C Studio শিক্ষার্থীদের হাতে তুলে দিচ্ছে অনুশীলনের মাধ্যমে Programming শেখার সুযোগ।
দুটি প্ল্যাটফর্মের লক্ষ্যও তাই আলাদা, কিন্তু গন্তব্য এক—প্রযুক্তিকে শিক্ষার সঙ্গে যুক্ত করে শিক্ষার্থীদের আরও দক্ষ, আত্মবিশ্বাসী ও ভবিষ্যৎমুখী করে গড়ে তোলা।
পাহাড়ের প্রত্যন্ত অঞ্চলের নারী শিক্ষার্থীদের জন্য এ উদ্যোগের গুরুত্ব আরও বেশি। কারণ প্রযুক্তির সঙ্গে তাদের যত বেশি সম্পৃক্ততা তৈরি হবে, উচ্চশিক্ষা ও ভবিষ্যৎ কর্মক্ষেত্রে তত বেশি প্রতিযোগিতামূলক সক্ষমতা অর্জনের সুযোগ তৈরি হবে।
একটি ক্লাসের রুটিন জানা, আগের ক্লাসে কী পড়ানো হয়েছে তা খুঁজে পাওয়া, উপস্থিতির তথ্য জানা কিংবা Code লিখে সঙ্গে সঙ্গে তার ভুল শনাক্ত করা—দেখতে ছোট ছোট বিষয়। কিন্তু শিক্ষার্থীর শেখার অভিজ্ঞতায় এসব ছোট সুবিধার সম্মিলিত প্রভাব হতে পারে বড়। সেই জায়গা থেকেই খাগড়াছড়ি সরকারি মহিলা কলেজের দুই ডিজিটাল প্ল্যাটফর্মকে দেখা যায় শিক্ষাব্যবস্থার একটি নতুন যাত্রার সূচনা হিসেবে। শ্রেণিকক্ষের দেয়াল পেরিয়ে প্রযুক্তির জগতে, আর বইয়ের পাতা পেরিয়ে বাস্তব অনুশীলনের পথে—খাগড়াছড়ি সরকারি মহিলা কলেজের নারী শিক্ষার্থীরা এগিয়ে যাচ্ছে নতুন অভিজ্ঞতার দিকে। সংশ্লিষ্টদের প্রত্যাশা, ‘KGWC Class Manager’ ও ‘Student C Studio’ শুধু কলেজের দৈনন্দিন শিক্ষা কার্যক্রমকে আধুনিক করবে না; বরং পাহাড়ের নারী শিক্ষার্থীদের আগামী দিনের প্রযুক্তিনির্ভর বিশ্বে আরও দক্ষ, সৃজনশীল, আত্মবিশ্বাসী ও সক্ষম করে গড়ে তুলতে রাখবে গুরুত্বপূর্ণ ভূমিকা।