রামগড়ে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপিত: র‍্যালি, আলোচনা সভা ও পোনা অবমুক্ত

শেয়ার করুন

​রতন বৈষ্ণব ত্রিপুরা, রামগড়: ​‘রূপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়ির রামগড় উপজেলায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ পালিত হয়েছে। ​

১৬ আগস্ট রোববার উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অধিদপ্তরের যৌথ উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচি পালিত হয়। ​ সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালি বের হয়ে রামগড়ের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। ​পরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

পোনা অবমুক্তকরণ: কর্মসূচি শেষে রামগড় লেকে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়। ​উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মনোয়ার হোসেন-এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামগড় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক কাজী শামীম। ​বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ​মো. জসিম উদ্দিন, সভাপতি, রামগড় উপজেলা বিএনপি, মো. সুমন মিয়া, উপজেলা কৃষি কর্মকর্তা, মোহাম্মদ নাজির আলম, ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), রামগড় থানা।

​সভায় বক্তারা জানান, আগামী ১৬ থেকে ৩০ আগস্ট, ২০২৬ পর্যন্ত জাতীয় মৎস্য পক্ষ উদযাপিত হবে। এ সময় দেশীয় মাছের প্রধান প্রজনন মৌসুম হওয়ায় নদী, খাল, বিল, পুকুর ও জলাশয় থেকে মা মাছ আহরণ থেকে বিরত থাকার জোরালো আহ্বান জানানো হয়। পাশাপাশি টেকসই মৎস্য উৎপাদন বৃদ্ধি, মাছের প্রজনন সংরক্ষণ এবং আধুনিক পদ্ধতিতে মাছ চাষে খামারিদের বিভিন্ন গুরুত্বপূর্ণ পরামর্শ দেওয়া হয়। ​অনুষ্ঠানে উপজেলার সিআইজি ও নন-সিআইজি সদস্য, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, স্থানীয় সাংবাদিক, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং এলাকার মৎস্য চাষিরা উপস্থিত ছিলেন।