মাটিরাঙ্গায় বিজিবির অভিযানে অস্ত্র-গুলি ও ৫ কোটি টাকার মাদক ক্রিস্টাল মেথ-আইস উদ্ধার

শেয়ার করুন

খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ির মাটিরাঙ্গায় সীমান্ত সুরক্ষায় নিয়োজিত ২৩ বর্ডার গার্ড ব্যাটালিয়ন যামিনীপাড়া জোনের সদস্যরা অভিযান চালিয়ে গুলিসহ দুইটি বিদেশী পিস্তল ও প্রায় ৫ কোটি টাকা মূল্যের ক্রিস্টাল মেথ-আইস উদ্ধার করেছে। জানাযায়, মাদক চোরা চালানোর গোপন সংবাদ পেয়ে গভীর রাতে গৌরাঙ্গপাড়া মোড়ে চেকপোস্ট বসায় বিজিবি। এসময় পানছড়ির দিক থেকে আসা সন্দেহভাজন একটি মোটরসাইকেলকে থামার সংকেত দিলে দুর্বৃত্তরা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। বিজিবি সদস্যরাও তাদের পিছনে ধাওয়া করে, ধাওয়া খেয়ে মোটর সাইকেলটি মূল সড়ক থেকে পাহাড়ি একটি গ্রাম্য রাস্তায় ঢুকে পড়ে, একপর্যায়ে বৃষ্টি ও কাদাযুক্ত পাহাড়ি পথের সুযোগ নিয়ে কালভার্টের নিচে মোটরসাইকেল ফেলে তারা পালিয়ে যায়। পরে মোটর সাইকেলটি তল্লাশি করে সিটের নিচ থেকে দুইটি ম্যাগাজিন, ১০ রাউন্ড গুলি, ২টি বিদেশি পিস্তল ও ভয়ানক মাদক ক্রিস্টাল মেথ-আইস উদ্ধার করা হয়। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের ও পরবর্তী আইনী প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানান বিজিবি।

২৩ বিজিবি অধিনায়ক লে: কর্নেল বিন হোসাইন জানান, সীমান্ত সুরক্ষার পাশাপাশি এলাকায় মাদক, চোরা চালান ও অস্ত্র পাচার রোধে বিজিবির নিয়মিত এমন কঠোর অভিযান অব্যাহত থাকবে।