খাগড়াছড়ি প্রতিনিধি: পার্বত্য অঞ্চলে শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন নিশ্চিত করতে সবাইকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান এমপি। তিনি বলেন, সরকারের উন্নয়ন কার্যক্রমের সুফল পার্বত্য এলাকার প্রতিটি মানুষের কাছে পৌঁছে দিতে প্রশাসনসহ সকল দপ্তরকে আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।
১১ মে সোমবার সকালে খাগড়াছড়ি সার্কিট হাউসের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনাবাহিনীর খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কেএম ওবায়দুল হক। এছাড়া উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা পরিষদের চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা, জেলা প্রশাসক মোঃ আনোয়ার সাদাতসহ জেলার বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান কর্মকর্তারা।
সভায় জেলার চলমান উন্নয়ন কার্যক্রম, সরকারি সেবার মানোন্নয়ন এবং পার্বত্য অঞ্চলের সার্বিক আইনশৃঙ্খলা ও সামাজিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এ সময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা নিজ নিজ বিভাগের কার্যক্রমের অগ্রগতি তুলে ধরেন এবং জনসেবার মান আরও বাড়াতে প্রয়োজনীয় উদ্যোগ নিয়ে মতবিনিময় করেন।
সভা শেষে পার্বত্য অঞ্চলের উন্নয়ন ও স্থিতিশীলতা বজায় রাখতে প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী এবং স্থানীয় জনপ্রতিনিধিদের সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান মন্ত্রী। পরে মন্ত্রী জেলার কয়েকটি উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেন। তার আগে জিরো মাইলে মন্ত্রীকে ফুলেল শুভেচছা জানান বিএনপি ও অংগসংগঠনের নেতাকর্মীরা।