পাহাড়ের আলো: আগামীকাল রোববার ৯ আগস্ট প্রধানমন্ত্রী তারেক রহমান চট্টগ্রামের বন্যাকবলিত এলাকা পরিদর্শন শেষে ফটিছড়ির বাবুনগরে গিয়ে আমীরে হেফাজত আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে দোয়া নিবেন।
সরকারের দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো চট্টগ্রাম সফরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববারের এই সফর ঘিরে ইতিমধ্যে চট্টগ্রাম সিটি করপোরেশন, জেলা প্রশাসন এবং বিএনপির পক্ষ থেকে সার্বিক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। এ ছাড়া চট্টগ্রাম মহানগরী ও জেলায় নিশ্চিদ্র নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ ও জেলা পুলিশ।
প্রধানমন্ত্রী আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সাথে কিছু সময় কাটাবেন। পরে হাটহাজারীতে হেফাজতে ইসলামের মরহুম আমীর আল্লামা শাহ আহমদ শফী (রহ.) এবং আল্লামা জুনাইদ বাবুনগরী (রহ.)-এর কবর জিয়ারত করবেন। এরপর হাটহাজারী কলেজ মাঠে দলীয় সমাবেশে বক্তব্য প্রদান এবং চট্টগ্রাম সার্কিট হাউসে আয়োজিত একটি সরকারি কর্মসূচিতে অংশগ্রহণ করবেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের ফটিকছড়ির বাবুনগর আগমন উপলক্ষে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ।